সামারা, ইরাক, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরাকের সামারা শহরে শনিবারের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছে ৮০ জন।
সামারার প্রবেশপথের একটি বাস স্টেশনে একটি বেল্ট বোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালান ওই আত্মঘাতী।
শিয়াদের ১২ ইমামের একজনের মৃত্যুদিবস উপলক্ষে গত সপ্তাহে সামারায় সমবেত হওয়া শিয়া মতাবলম্বীদের ওপর ওই হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নাম উল্লেখ না করে ওই পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়,"হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে।"
৮৭৪ খ্রিস্টাব্দে নিহত ইমাম হাসান আল-আসকারীর মাজার জিয়ারত করতে সামারায় যাওয়া শিয়াদের ওপর এ সপ্তাহে আত্মঘাতী হামলার দ্বিতীয় ঘটনা এটি। বৃহস্পতিবার সেখানে শিয়াদের ওপর আত্মঘাতী বোমা হামলায় ৮ জন নিহত ও ৩০ জন আহত হয়।
একটি পুলিশ সূত্র জানায়, ইমামের মাজার জিয়ারত শেষে একটি বাসে করে সামারা ছাড়ার পথে শিয়া সদস্যদের ওপর আত্মঘাতী গাড়ি বোমা হামলায় শনিবারের এ হতাহতের ঘটনা ঘটেছে।
ইরাকে শিয়া মতাবলম্বীদের ওপর প্রায়ই আত্মঘাতী বোমা হামলা হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৭৪০ ঘ.
bdnews24