ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যথা পাওয়ার কারণ দেখলে যন্ত্রণার তীব্রতা কমে যায় বলে জানিয়েছেন গবেষকরা।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞানীরা দেখেছেন ইনজেকশন দেওয়ার সময় হাতের দিকে তাকিয়ে থাকলে ব্যথার তীব্রতা কম মনে হয়।
গবেষণায় আরো দেখা যায়, ক্ষতস্থান বড় করে দেখালে ব্যথার তীব্রতা আরো কমে।
মানুষের মস্তিষ্কে ব্যথার অনুভূতি কীভাবে কাজ করে সে ব্যাপারে দিক নির্দেশনা পাওয়া গেছে এ গবেষণা থেকে।
গবেষকরা মনে করছেন এ গবেষণার বিস্তারিত ফলাফল চিকিৎসা বিজ্ঞানে নতুন উদ্ভাবনে সাহায্য করবে।
বায়োটেকনোলজি অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস রিসার্চ কাউন্সিলের (বিবিএসআরসি) অর্থায়নে ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) এবং ইউনিভার্সিটি অব মিলান-বিকোক্কা এ গবেষণা চালায়। এতে ১৮ জন স্বেচ্ছাসেবক অংশ নেয়।
গবেষণায় অংশগ্রহণকারীদের হাতে যতক্ষণ না যন্ত্রণার অনুভূতি হয়, ততক্ষণ পর্যন্ত তাপ দেওয়া হয়।
এসময় তাদের হাতে প্রয়োগ করা তাপমাত্রা রেকর্ড করা হয়।
এই পরীক্ষায় দেখা যায়, তাপ প্রয়োগের সময় যারা তা দেখেনি, তাদেরই আবার যখন তাপ প্রয়োগ দেখতে দেওয়া হয়, তখন তারা গড়ে প্রায় তিন কেনভিন বেশি তাপ সহ্য করতে পেরেছে।
গবেষক প্যাট্রিক হ্যাগার্ড বলেন, আমরা বাচ্চাদের টিকা দেওয়া বা রক্ত দানের সময় অন্যদিকে তাকিয়ে থাকতে বলি। কিন্তু গবেষণায় আমরা পেয়েছি যে, এ সময় শরীরের দিকে তাকিয়ে থাকলে যন্ত্রণা অনেকখানি কমে যায়।
এ গবেষণায় উত্তল ও অবতল আয়না ব্যবহার করে দেখা গেছে যে, অংশগ্রহণকারীদের ক্ষতস্থান আকারে বড় করে তাদের দেখালে যন্ত্রণা সহ্যক্ষমতা বাড়ে। আবার স্বাভাবিকের চেয়ে ছোট করে দেখালে সহ্যক্ষমতা কমে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩১২ ঘ.
bdnews24