২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা ছাড়তে পারেন মুবারক

প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতা থেকে সরে দাঁড়াতে পারেন- এ আলোচনার মাঝেই জানা গেছে তিনি মিশরের জনগণের উদ্দেশে ভাষণ দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতা থেকে সরে দাঁড়াতে পারেন- এ আলোচনার মাঝেই জানা গেছে তিনি মিশরের জনগণের উদ্দেশে ভাষণ দেবেন। ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) মহাসচিব হোসেন বাদরাওয়ি বিবিসি'কে বৃহস্পতিবার বলেন, মুবারক ভাইস প্রেসিডেন্ট ওমর সোলাইমানের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন বলে তিনি 'আশা' করছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, মিশরের প্রধানমন্ত্রী আহমেদ শফিক বিবিসিকে বলেছেন, প্রেসিডেন্ট মুবারক পদত্যাগ করতে পারেন এবং দেশের পরিস্থিতি সম্পর্কে শিগগিরিই স্পষ্টভাবে জানানো হবে। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে মুবারক ভাষণ দেবেন বলেও জানিয়েছে বিবিসি। বাদরাওয়ি মুবারকের পদত্যাগের সম্ভাবনার কথা জানানোর আগে প্রধানমন্ত্রী শফিক মুবারকের পদত্যাগ নিয়ে আলোচনা চলার কথা বিবিসিকে জানিয়েছিলেন। দেশ ও জনগণকে সুরক্ষার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে মিশরের সেনাবাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনে উচ্চ সামরিক পরিষদের বৈঠকের দৃশ্য দেখা গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, মিলিটারি কাউন্সিল দেশের সুরক্ষায় অবিরাম অধিবেশন চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার মিশরে নতুন করে আরো বেশি মানুষ বিক্ষোভে রাস্তায় নেমে আসার পর মুবারকের পদত্যাগের এ আভাস পাওয়া গেলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/পিডি/২৩১৯ ঘ.