বেইজিং, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- চীনের বিশিষ্ট মানবাধিকার কর্মী চেন গুয়াংচেন গত সেপ্টেম্বরে জেল থেকে ছাড়া পেলেও গৃহবন্দি হয়ে আছেন। এক গোপন ভিডিও বার্তা চেন খোদ একথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গ্র"প 'চায়না এইড' এর প্রকাশিত এ ভিডিওতে চেন বলেন, "আমি ছোট জেল থেকে ছাড়া পেয়ে এখন বড় জেলে ঢুকেছি।"
জেল থেকে ছাড়া পাওয়ার পর এটিই চেনের প্রথম প্রতিক্রিয়া।
চীনে জোর করে গর্ভপাত ঘটানোর জন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রচারাভিযান চালিয়ে আসছিলেন দৃষ্টিহীন মানবাধিকার কর্মী চেন।
চীনে এক সন্তান নীতি কার্যকর রাখার জন্য শ্যানডঙ প্রাদেশিক কর্তৃপক্ষের শহরাঞ্চলে দম্পতিদের গর্ভপাতে বাধ্য করার উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চেন ২০০৫ সালে সবার নজর কাড়েন।
এ প্রচারাভিযানের মুখে চেনকে ৪ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি করে রাখে চীন। সেপ্টেম্বরে তিনি জেল থেকে ছাড়া পান।
মুক্তি পাওয়ার পর থেকে চেন ও তার পরিবার যে হয়রানির শিকার হয়েছে গোপন ভিডিওতে তা বিস্তারিত জানিয়েছেন চেনের স্ত্রী।
গত ৫ মাসে চেনের ওপর ২৪ ঘণ্টাই নজর রাখা হয়েছে। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফোন সংযোগ। তাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয়েছে এমনকি কেউ চেনকে সাহায্য করতে চাইলে তাকে হুমকিও দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৫ ঘ.
bdnews24