ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরের রাজপথ এখনো ছাড়েনি আন্দোলনকারী জনতা। দেশটিতে ক্ষমতাসীন প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে ১৬ দিন ব্যাপী আন্দোলন-বিক্ষোভ অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে 'প্রয়োজনীয় পদক্ষেপ' গ্রহণের জন্য সরকারের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, সরকার এমন কোনো 'প্রয়োজনীয় পদক্ষেপ' গ্রহণ করেনি যাতে করে জনগণ আশ্বস্ত হতে পারে। আর এ দুঃখবোধ থেকেই বাইরে প্রতিবাদী মানুষের সংখ্যা বাড়ছে বলে বিবিসিসূত্রে জানা গেছে।
গিবস আরো বলেন, মিশরে পরিচালিত যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থাগুলোর কর্মকাণ্ড পর্যালোচনা করবে মার্কিন সরকার।
মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মিশরে ৩০ বছর ধরে বলবৎ থাকা জরুরি অবস্থা তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। মার্কিন ভাইস প্রেসিডেন্টের ওই আহ্বানের পর গিবস এসব কথা বলেন।
এদিকে, শুরু কায়রোর তাহরির স্কয়ার (স্বাধীনতা চত্বর) নয়, মিশরের অন্যান্য স্থানেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দক্ষিণাঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গত দুই দিনে অন্ততপক্ষে ২ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।
শুক্রবার কায়রোয় আবারো বড় ধরনের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এবার আর শুধু তাহরির স্কয়ারে নয়, রাষ্ট্র নিয়ন্ত্রিত রেডিও- টেলিভিশনের সামনেও বিক্ষোভ প্রদর্শনের ডাক দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩৩ ঘ.
bdnews24