ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমাজন নদীতে বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদ জানিয়েছে ব্রাজিলের আদিবাসীরা।
জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে আদিবাসী নেতারা ৬০ হাজারেরও বেশি মানুষের সাক্ষরযুক্ত একটি প্রতিবাদলিপি জমা দিয়েছে।
মঙ্গলবার বিবিসিসূত্রে এ খবর জানা গেছে।
পরিবেশবিদরা বলছে, এতে আমাজন নদীকে ঘিরে গড়ে ওঠা বিশ্বের অন্যতম বৃহৎ বনভূমি ক্ষতিগ্রস্ত হবে।
ব্রাজিলের বিদ্যুৎ শক্তি বিষয়ক মন্ত্রী এডিসন লোবাও জানান, খুব শিগগিরই এর নির্মাণ কাজ শুরু হবে।
লোবাও বলেন, 'বেলো মন্টে' নামক ওই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ফলে যেসব লোক ক্ষতিগ্রস্ত হবে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
কিন্তু আদিবাসী নেতা রৌনি বলেন, তিনি নিশ্চিত এই বিদ্যুৎ কেন্দ্র তার আদিবাসীপল্লীতে "খারাপ কিছু" ডেকে আনবে।
রৌনি আরো বলেন, "আমরা বেলো মন্টে চাই না, কারণ এটি আমাদের নদী, আমাদের জঙ্গল এবং আমাদের জীবনযাত্রা-জীবিকাকে ধ্বংস করে দেবে।"
ইরেও কেয়াপো নামে অপর এক আদিবাসী নেতা বলেন, আদিবাসীদের যদি তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হয় তবে "সেখানে যুদ্ধ হবে, রক্ত ঝরবে।"
ওই প্রকল্প বাতিলের দাবিতে ঐতিহ্যবাহী পোশাক পরিহিত আদিবাসী নেতারা ৬০ হাজারেরও বেশি মানুষের সাক্ষরসহ একটি আবেদনপত্র সরকারের বরাবর দাখিল করেছে।
বেলো মন্টে প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ১০ বিলিয়ন মার্কিন ডলার।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্প বাস্তবায়িত হলে ২ কোটি ৩০ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। পাশাপাশি অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫০০ ঘ.
bdnews24