লন্ডন, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যস্যাঞ্জকে সুইডেনে হস্তান্তর মামলার শুনানি শুরু হয়েছে।
লন্ডনের বেলমার্শ ম্যাজিট্রেট আদালতে সোমবার দুই দিনের এ শুনানি শুরু হয়। সুইডেনের দুই নারীর যৌন অসদাচরণের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অ্যাস্যাঞ্জকে ব্রিটেন থেকে তাদের কাছে হস্তান্তরের দাবি করেছেন সুইডিশ কৌসুলিরা।
যৌন অসদাচরণের ওই অভিযোগ অস্বীকার করে আসছেন অ্যাস্যাঞ্জ। এখনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি জানিয়ে তাকে গ্রেপ্তারে সুইডিশ কর্তৃপক্ষের পরোয়ানা জারির কোনো অধিকার নেই বলে দাবি করেছেন অ্যাস্যাঞ্জ।
অ্যাস্যাঞ্জকে সুইডেনের কাছে হস্তান্তর হবে মানবাধিকার লঙ্ঘন-দাবি করেন তার আইনজীবীরা।
জিওফ্রে রবার্টসন কিউসির নেতৃত্বাধীন আইনজীবী প্যানেল আদালতকে বলেন, অ্যাস্যাঞ্জকে জোর করে সুইডেনে হস্তান্তর করা হলে সুইডিশ কর্তৃপক্ষ তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে পারে। আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন বার্তা ফাঁস করা সংক্রান্ত অভিযোগে অজুহাতে সেখানে তাকে গুয়ানতানামো বে কারাগারে পাঠিয়ে নির্যাতন করা হতে পারে।
যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার ভয় পাচ্ছেন অ্যাস্যাঞ্জ-বলেন তারা।
সুইডিশ কর্তৃপক্ষ যৌন অসদাচরণের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অ্যাস্যাঞ্জকে তাদের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে।
কিন্তু হস্তান্তর না করে ব্রিটিশ পুলিশের মাধ্যমে বা অনলাইনে এ জিজ্ঞাসাবাদ করা যায় বলে আদালতকে জানান অ্যাস্যাঞ্জের আইনজীবীরা।
ওই অভিযোগে নয় দিন ব্রিটিশ কারাগারে কাটিয়ে ১৬ ডিসেম্বর কঠোর শর্তে জামিন নিয়ে ব্রিটেনে অবস্থান করছেন অ্যাস্যাঞ্জ।
গত বছর ইরাক ও আফগান যুদ্ধ নিয়ে পেন্টাগনের কয়েক লাখ গোপন দলিল এবং বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে ওয়াশিংটনের বিনিময় করা হাজার হাজার গোপন বার্তা ফাঁস করে যুক্তরাষ্ট্রের ক্ষোভের মুখে পড়েন অ্যাস্যাঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৫০ ঘ.
bdnews24