তিউনিস, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-তিউনিসিয়ার পলাতক প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বেন আলীর দল ডেমোক্র্যাটিক কনস্টিটিউশনাল র্যালি'র (আরসিডি) সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার।
রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় আরসিডি'র কর্মকাণ্ড নিষিদ্ধ ও তাদের কার্যালয় বন্ধের কথা বলা হয়।
দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা।
নিরাপত্তা কর্মকর্তারা বলেন, বর্তমান প্রশাসনে থাকা সাবেক ক্ষমতাসীন দল (আরসিডি) সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশে অস্থিতিশীলতা ছড়িয়ে ক্ষমতা পুর্নদখলের চেষ্টা চালাচ্ছে। তাই দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে আরসিডি'র কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র রয়টার্সকে বলেন, "নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে এবং দেশের বৃহৎ স্বার্থে এটা করা হয়েছে।"
প্রবল গণবিক্ষোভের মুখে ১৪ জানুয়ারি রাতে প্রেসিডেন্ট বেন আলী ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যাওয়ার পর বর্তমানে আবারো দেশটিতে সহিংসতা শুরু হয়েছে।
শনিবার কেফ শহরের পুলিশ প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে পুলিশের গুলিতে দুই জন এবং রোববার কেবিলি শহরে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/১৫০৮ ঘ.
bdnews24