বাগদাদ, ফেব্র"য়ারি ০৬, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া অস্থির অবস্থার মধ্যে ইরাকে ফুঁসে উঠতে থাকা গণঅসন্তোষ এড়াতে প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি তার মাসিক বেতন অর্ধেক কমিয়ে ফেলবেন বলে জানিয়েছেন।
একইসঙ্গে প্রধানমন্ত্রীত্বের সময়সীমা ২ মেয়াদে সীমাবদ্ধ করার কথাও বলেছেন তিনি।
মধ্যপ্রাচ্যজুড়ে সরকার বিরোধী আন্দোলন চলার এ সময়ে ইরাকিরা মাঝে মাধ্যেই খাদ্য, বিদ্যুৎ এবং পানি স্বল্পতার বিরুদ্ধে বিক্ষোভ করছে।
শনিবার বাগদাদে বিক্ষোভ করেছে শ'শ' ইরাকি। শনিবার দিওয়ানিয়া শহরের বিক্ষোভে পুলিশের গুলি চলেছে।
ইরাকিদের এ সমস্ত বিক্ষোভে তাদের দুভোর্গ এ মাসে কর্তৃপক্ষের নজরে এসেছে।
তাই জনগণ বড় ধরনের বিক্ষোভে ফেটে পড়ার আগেই মালিকি তার মাসিক ৩০ হাজার ডলার বেতনের ৫০ শতাংশ কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছেন।
এতে মালিকির বেতন অন্যান্য সরকারি কর্মকর্তাদের কাছাকাছি চলে আসবে। মালিকির গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা আলি আল-মোসাওয়ি একথা জানিয়েছেন।
শুক্রবার এক বক্তব্যে মালিকি তার বেতন কমানোর এ সিদ্ধান্ত জানিয়ে বলেন, "ইরাকে বড় ধরনের বৈষম্য বিরাজ করছে। আর এ বৈষম্য থেকে সমাজে এক ধরনের শ্রেণীবিভেদ দেখা দিচ্ছে।"
রাজনৈতিক বিশ্লেষক মাজিন আল সামারাই বলেছেন, বেতন অর্ধেক কমানোর মধ্য দিয়ে মালিকি জনরোষ প্রশমিত করারই চেষ্টা নিচ্ছেন।
বেতন কমানোর ঘোষণা দেওয়ার পরদিন শনিবারই মালিকি প্রধানমন্ত্রীর সময়সীমা দুই মেয়াদে বেঁধে দেওয়ার জন্য সাংবিধানিক সংশোধনের চেষ্টায় তার সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ইরাকের বর্তমান সাংবিধানিক নিয়মানুয়ায়ী, প্রধানমন্ত্রী অসংখ্যবার এ পদে দাঁড়াতে পারে। কেবলমাত্র প্রেসিডেন্টের জন্য ২ মেয়াদ সময়সীমা নির্ধারণ করা আছে।
গত বছরের মার্চ মাসে ইরাকে অমীমাংসিত নির্বাচনের পর সরকার গঠন নিয়ে নয় মাসের অচলাবস্থা শেষে ডিসেম্বরে মালিকি দ্বিতীয় মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৬৪২ ঘ.
bdnews24