নিউ ইয়র্ক, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জাতিসংঘের সাবেক প্রধান পরমাণু অস্ত্র পরিদর্শক এল বারাদি বলেছেন, মিশরে প্রেসিডেন্ট হোসনি মুবারককে যুক্তরাষ্ট্র সমর্থন দিলে অবস্থা আরো শোচনীয় হবে।
নতুন সরকারের নেতৃত্বে মুবারককে বা তার ভাইস প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র সমর্থন দিলে বড় ধরনের অচলাবস্থা দেখা দেবে এবং এতে বিক্ষোভ-সহিংসতা আরো বাড়বে বলে সতর্ক করেন বারাদি।
মিশরে গণতন্ত্রের পথে যাত্রায় অন্তবর্তী সরকারের নেতৃত্বে মুবারক বা তার নতুন ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমানকে ওয়াশিংটন সমর্থন দেবে-- যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ মন্তব্যের ব্যাপারে জানতে চাওয়া হলে কায়রো থেকে রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে বারাদি একথা বলেন।
শান্তিতে নোবেল বিজয়ী ও মুবারক বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বারাদি বলেন, "এটা সত্য হলে তা বিক্ষোভকারীদের বুলেটের মতো বিদ্ধ করবে।"
শনিবার মিশরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ফ্রাঙ্ক উইজনার বলেছেন, দেশটিতে ক্ষমতার পরিবর্তন চায় যুক্তরাষ্ট্র। তবে সেপ্টেম্বর পর্যন্ত মুবারকের প্রেসিডেন্ট থাকাটা তাদের চাওয়া।
এল বারাদি বলেন, "বেসামরিক নেতৃত্বের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি ছাড়া পরিবর্তনে মুবারকের নেতৃত্ব দেওয়া এবং প্রক্রিয়াটির প্রাথমিক কাজগুলো মিশরে অজনপ্রিয় তার ঘনিষ্ঠ সামরিক উপদেষ্টাকে দিয়ে শুরু হওয়াটা হবে অত্যন্ত হতাশাজনক।"
গত ২৫ জানুয়ারি থেকে মিশরে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও মুবারক সমর্থকদের সংঘর্ষে এ পর্যন্ত তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বিক্ষোভের মুখে মুবারক মন্ত্রিসভা পাল্টিয়েছেন এবং ক্ষমতাসীন দলের শীর্ষে নেতৃত্বে পরিবর্তন ঘটেছে। তবে মুবারকের পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীরা অনড় থাকলেও সে ব্যাপারে এখনো কোনো ইঙ্গিত মেলেনি।
যুক্তরাষ্ট্র এর আগে মুবারকের পদত্যাগের কথা বললেও শনিবার সুর পাল্টে বিপরীত অবস্থান নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৫৪১ ঘ.
bdnews24