২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের নতুন প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল

অবশেষে নতুন প্রধানমন্ত্রী পেয়েছে নেপাল। দীর্ঘ প্রায় সাত মাসে ১৭ দফা ভোটাভুটিতে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কমিউনিস্ট নেতা ঝালানাথ খানাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 07:21 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে নতুন প্রধানমন্ত্রী পেয়েছে নেপাল। দীর্ঘ প্রায় সাত মাসে ১৭ দফা ভোটাভুটিতে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কমিউনিস্ট নেতা ঝালানাথ খানাল। বিবিসিসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নেপালের আইনপ্রণেতারা ভোটের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৬০ বছর বয়সী খানালকে বেছে নেন। খানাল মার্কস ও লেনিনবাদী জোটের (ইউএমএল) প্রধান। প্রধানমন্ত্রী হিসেবে তিনি মাওবাদীদের সমর্থন পেয়েছেন। এরআগে মাওবাদীরা নিজেদের প্রার্থীকে প্রত্যাহার করে নেয়। ৬০১ আসন বিশিষ্ট নেপালের পার্লামেন্টে খানাল আইনপ্রণেতাদের ৩৬৮টি ভোট পেয়েছেন৷ তবে এই ভোটাভুটিতে অংশ নিয়েছেন ৫৯৮ জন আইনপ্রণেতা। স্পিকার সুবাশ চন্দ্র নিমওয়াঙ্গ নেপাল পার্লামেন্টে বলেন, "ঝালানাথ খানাল ৫৯৮ ভোটের মধ্যে ৩৬৮ ভোট পেয়ে সংখ্যা গরিষ্ঠতা নিশ্চিত করেছেন।" প্রধানমন্ত্রী নির্বাচনে আইনপ্রণেতারা ১৬ দফা ব্যর্থ হওয়ার পর বৃহস্পতিবার ১৭ বারের মতো ভোটাভুটিতে অংশ নেয়। মাওবাদীরা এই ভোটাভুটিকে কেন্দ্র করে শেষমুহূর্তে নিজেদের প্রার্থী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ডকে প্রত্যাহার করে খানালকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। খানালের নেতৃত্বাধীন মার্কস ও লেনিনবাদী জোট পার্লামেন্টে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দল। এদিকে, নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন৷ নেপালে স্থগিত হয়ে থাকা শান্তি প্রক্রিয়া আবারো শুরুর ব্যাপারে জাতিসংঘ সম্পূর্ণ সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি। নেপাল পার্লামেন্টে প্রধান চারটি দল হচ্ছে, কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী), দ্য নেপালি কংগ্রেস পার্টি, কমিউনিস্ট পার্টি অব নেপাল (মার্কস ও লেনিনবাদী) ও মাদ্দেশি পিপলস রাইটস ফোরাম। গত জুনে রাজনীতিকরা একজন প্রধানমন্ত্রী নির্বাচন করতে ব্যর্থ হওয়ার পর থেকে নেপাল একটি কার্যকর সরকার ছাড়াই এতোদিন পরিচালিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৬ ঘ.