ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বহুল আলোচিত দুর্নীতি বিরোধী বিল ‘লোকপাল’ ঝুলে থাকলেও সমাজকর্মী আন্না হাজারের গ্রাম রালিগান সিদ্ধি তাদের লোকপাল পেয়ে গেছে। তবে লোকপাল কোনো বিল নয়, একটি শিশুর নাম।
আন্না হাজারের সহযোগী দাদা পাথারে তার চার মাস বয়সী ছেলের নাম রেখেছেন লোকপাল। আর এ নামটি হাজারে ছাড়া আর কে রাখতে পারেন বলুন?
নাম বিষয়ে শিশুর মা বেবি পাথারে তার অনিচ্ছার কথা এনডিটিভিকে জানান।
তিনি বলেন, “বাচ্চার নাম লোকপাল বলতে কেমন জানি লাগছিল। তখন আমার স্বামী বললেন নামটি আন্নাজি রেখেছেন।”
ভারত তার লোকপাল বিল পাক আর না পাক, রালিগান সিদ্ধি গ্রামের লোকপাল বেড়ে উঠবে। আর এর জন্য কোনো ভোটেরও প্রয়োজন নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫৪৫ ঘ.
bdnews24