ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাডমিরাল স্যামুয়েল লকলিয়্যারকে মার্কিন সেনাবাহিনীর প্রশান্তমহাসাগরীয় কমান্ডের নতুন প্রধান হিসেবে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
পেন্টাগনসূত্রে বৃহস্পতিবার দ্য একপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।
ওবামার এ মনোনয়ন সিনেটে অনুমোদিত হলে লকলিয়্যারের তত্ত্বাবধানে আসবে ৩ লাখেরও বেশি সেনা। তখন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল হতে ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত পর্যন্ত যুদ্ধবিমানবাহী এক বিশাল নৌবহর ও যুদ্ধজাহাজের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে তার।
লকলিয়্যার বর্তমানে ইউরোপ ও আফ্রিকায় মার্কিন নৌ বাহিনীর তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এছাড়া ইতালির ন্যাপলসে ন্যাটোর যৌথ বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন তিনি।
লিবিয়ায় সম্মিলিত বিমান হামলার রূপরেখাও প্রণয়ন করেছিলেন তিনি যাতে দেশটিতে গাদ্দাফি যুগের অবসান হয়।
হাওয়াইভিত্তিক প্রশান্তমহাসাগরীয় কমান্ডের প্রধান হিসেবে চার তারকা বিশিষ্ট অ্যাডমিরাল লকলিয়্যার চীনের বর্ধিষ্ণু অর্থনীতি ও তাদের সেনা বাহিনীর প্রতি জোড়ালো দৃষ্টি রাখবেন বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি উত্তর কোরিয়ার দেওয়া হুমকির দিকেও খেয়াল রাখবেন তিনি।
এক বছর আগে ওবামা প্রশাসন প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের কৌশলগত গুরুত্বের ওপর জোর দিয়ে আমেরিকান সেনার বিস্তৃতি বৃদ্ধি করে অস্ট্রেলিয়ায় ২ হাজার ৫০০ পর্যন্ত মার্কিন নৌ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়।
ওই সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন কমান্ডার হিসেবে মনোনয়ন পেলেন অ্যাডমিরাল স্যামুয়েল লকলিয়্যার।
বর্তমানে প্রশান্তমহাসাগরীয় কমান্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডমিরাল রবার্ট উইলার্ড। তিনি ২০০৯ সালের অক্টোবর থেকে দায়িত্ব পালন করছেন। সিনেটে অনুমোদন পেলে তার স্থলাভিষিক্ত হবেন লকলিয়্যার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৫২১ ঘ.
bdnews24