চেন্নাই, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘থেইন’ এ রূপান্তরিত হয়ে ভারতের দক্ষিণপূর্বে তামিলনাডুর উপকূলীয় এলাকা অতিক্রম করেছে শনিবার সকালে।
সকাল সাড়ে ৬টা (স্থানীয় সময়) থেকে সাড়ে ৭টার মধ্যে এটি তামিলনাড়–র কুড্ডালোর ও পন্ডিচেরি শহরের মাঝামাঝি এলাকা দিয়ে অতিক্রম করে বলে শুক্রবার জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
এরপর এটি আরো পশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়ে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার ছিলো বলে আবহাওয়া অফিসের বুলেটিনে জানানো হয়।
উপকূলীয় এলাকা থেকে গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে এবং জেলেদেরকে নৌকা নিয়ে উপকূলের কাছাকাছি এলাকায় অবস্থান করতেও বলা হয় এতে।
তামিলনাড়–র উপকূলীয় বন্দরগুলোতে সবোর্চ্চ ১০ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়।
দেশটির আবহাওয়া বিভাগ বলছে, এর প্রভাবে আগামী ১২ ঘণ্টা তামিলনাড়– ও পণ্ডিচেরিতে এবং তামিলনাড়–র অভ্যন্তরীণ এলাকায় আগামী ২৪ ঘণ্টা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, রয়ালসীমা, উত্তর কেরালা ও দক্ষিণ কণার্টকেও আগামী ১২ ঘণ্টা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্রের উচ্চতা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৫ মিটার (৫ ফুট) পর্যন্ত বাড়তে পারে। এর ফলে চেন্নাইয়ের উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস ও বন্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
‘থেইন’ অন্ধ্রপ্রদেশেও আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিলো।
এ ঘূর্ণিঝড়ের ফলে বিপুল পরিমাণ শস্যের ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে কৃষকদের নিজেদের ফসল রক্ষা করার জন্য যথাসাধ্য পদক্ষেপ নিতে বলেছে আবহাওয়া বিভাগ।
অন্ধ্রপ্রদেশ ভারতের সর্ববৃহৎ ভুট্টা উৎপাদনকারী প্রদেশ। এছাড়া দ্বিতীয় বৃহৎ ধান ও চীনাবাদাম উৎপাদনকারীও এ প্রদেশটি।
১৯৯৯ সালে ভারতের পূর্বাঞ্চলের উড়িষ্যা প্রদেশে প্রায় ৩০ ঘণ্টাব্যাপী এক ঘূর্ণিঝড়ে ১০ হাজার মানুষের মৃত্যু হয়। এর গতি ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩২০ ঘ.
bdnews24