২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনশন ভাঙলেন আন্না হাজারে

ভারতে দুর্নীতি রুখতে আরো কঠিন আইন প্রণয়নের দাবিতে অনশনরত আন্না হাজারে স্বাস্থ্যগত ঝুঁকির কারণে বুধবার অনশন ভেঙেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 03:30 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

মুম্বাই, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে দুর্নীতি রুখতে আরো কঠিন আইন প্রণয়নের দাবিতে অনশনরত আন্না হাজারে স্বাস্থ্যগত ঝুঁকির কারণে বুধবার অনশন ভেঙেছেন। হাজারে বলেছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আজ আমি অনশন ভাঙবো।” অনশনের দ্বিতীয় দিনে রক্তচাপ কমে যাওয়া এবং কিডনি নিয়ে উদ্বেগের কারণে চিকিৎকরা হাজারেকে অনশন ভাঙতে বলেন। তাই তিন দিনের অনশন শুরু করলেও দ্বিতীয় দিনে অনশন ভাঙলেন ৭৪ বছর বয়সী হাজারে। দুর্নীতিবিরোধী ওমবুডসম্যান পদটি সৃষ্টির জন্য মঙ্গলবার মধ্যরাতে লোকসভা একটি মাইলফলক বিল পাস করেছে। এ পদটি তৈরির জন্য এবারের গ্রীষ্মে দুই সপ্তাহব্যাপী অনশন ধর্মঘট পালন করেছেন হাজারে। চলতি বছর শেষ হওয়া আগেই এ ধরনের একটি বিল পাস হবে বলে সরকার হাজারেকে আশ্বস্ত করার পর তিনি সেই অনশন ভেঙেছিলেন। কিন্তু হাজারে দুর্নীতি রোধে কংগ্রেস পার্টির প্রণীত বিলের বিরোধিতা করেছেন। লোকসভায় পাস হওয়া বিলটি রাজ্যসভা অনুমোদন করে ফেরত পাঠানোর পর তা আইনে পরিণত হবে। বিলটিতে প্রয়োজনীয় পরিবর্তনের জন্যও পরামর্শ দিতে পারবে রাজ্যসভা। তবে রাজ্যসভায় সরকার দলীয়দের সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই বিলটি এখনো সংশোধন হওয়ার সম্ভাবনা থাকায় মঙ্গলবার হাজারে সর্বশেষ অনশন শুরু করেন। এছাড়া নববর্ষে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিসহ কয়েকজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাদের বাড়ির সামনে পিকেটিংয়েরও আহ্বান জানিয়েছেন তিনি। হাজারের গ্রীষ্মের আন্দোলনে হাজার হাজার সমর্থক ছিল। গত মাসগুলোতে এই সমাজকর্মীর সমর্থকের সংখ্যা আরো বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এমআই/২১২১ ঘ.