২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্য টাইমস’র বর্ষসেরা বোয়াজিজি

ব্রিটেনের সংবাদপত্র ‘দ্য টাইমস’ তিউনেসিয়ার ফুটপাতের হকার মোহাম্মাদ বোয়াজিজিকে ২০১১ সালের বর্ষসেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। বুধবার এ ঘোষণা দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

লন্ডন, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের সংবাদপত্র ‘দ্য টাইমস’ তিউনেসিয়ার ফুটপাতের হকার মোহাম্মাদ বোয়াজিজিকে ২০১১ সালের বর্ষসেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। বুধবার এ ঘোষণা দেয়া হয়। তিউনেসিয়ায় প্রেসিডেন্ট জিনে আল আবেদিন বেনআলির বিরুদ্ধে বিক্ষোভকে জোরদার করেছিল বোয়াজিজির আত্মহত্যা। তিউনেসিয়ার বিক্ষোভ অনুপ্রেরণা যুগিয়েছে অন্যান্য আরব দেশের গণ অভ্যুত্থানকেও। এসব অভ্যুত্থানে পতন হয়েছে আরব একনায়কদের। ২০১০ সালের ডিসেম্বরে তিউনেসিয়ার রাজধানীতে সরকারি কর্মকর্তারা হকার বোয়াজিজিকে মারধর করে তার অবৈধ মুদি ভ্যান জব্দ করলে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন তিনি। তার আত্মাহুতি লাখ লাখ মানুষকে বিক্ষোভে জাগ্রত করে। গণ অভ্যুত্থানের মুখে তিউনেসিয়া ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন বেন আলি। ‘দ্য টাইমস’র প্রথম পাতায় প্রকাশিত খবরে বলা হয়েছে, “আরব বসন্তের অনুপ্রেরণা হওয়ার জন্য ফুটপাতের হকার মোহাম্মদ বোয়াজিজিকে আজ (বুধবার) ‘দ্য টাইমস’র বর্ষসেরা ব্যক্তি ঘোষণা করা হল।” এতে আরো বলা হয়, “বোয়াজিজি কোনো বিপ্লবী নন। তবে তার প্রতিবাদ মধ্যপ্রাচ্যে বিপ্লব বইয়ে দিয়েছে।” তিউনেসিয়ায় বিক্ষোভে প্রেসিডেন্ট বেন আলির পতনের পর পরই লিবিয়া, মিসর, ইয়েমেন ও সিরিয়াতেও সরকার বিরোধী আন্দোলন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৮৩১ ঘ.