তেহরান, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিতর্কিত পরমাণু কর্মসূচির অজুহাতে অপরিশোধিত তেল রপ্তানির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলে হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান।
এছাড়া পরমাণু স্থাপনায় সামরিক হামলা চালানো হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট এলাকায় হামলার ইঙ্গিতও দিয়েছে তারা।
মঙ্গলবার তেল সরবরাহের পথ বন্ধ করার এ হুমকি দেয় ইরান। ইরানের এই হুমকির ফলে ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বেড়ে গেছে।
ইরানের তেল রপ্তানির ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রস্তাবিত নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ইরান এ হুমকি দিলো।
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা রহিমি দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনাকে বলেন, “ইরানের তেল রপ্তানির ওপর পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করলে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও পার হতে দেওয়া হবে না।
“আমরা কঠিন কোনো শিক্ষা দিলেই ইরানের শত্র“রা তাদের উদ্যোগ বন্ধ করতে বাধ্য হবে,” বলেন তিনি।
হুমকি বাস্তবায়িত হলে উপসাগরীয় দেশগুলোর তেলের ওপর নির্ভরশীল অর্থনীতির দেশগুলোর সাথে ইরানের যুদ্ধ বেধে যেতে পারে।
সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকের অপরিশোধিত তেলের প্রায় পুরোটাই পারস্য উপসাগর হয়ে হরমুজ প্রণালী দিয়েই বহির্বিশ্বে পৌঁছায়। ২০০৯ সালে সমুদ্রপথে রপ্তানি হওয়া বিশ্বের একতৃতীয়াংশ তেল হরমুজ প্রণালী দিয়েই সরবরাহ করা হয়েছে।
ইরান ও ওমানের মধ্যবর্তী চার মাইল প্রশস্ত হরমুজ প্রণালী পারস্য উপসাগর থেকে বের হওয়ার একমাত্র জলপথ।
গত ৮ নভেম্বর জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তেহরান পারমাণবিক বোমার নকশা প্রণয়ণ করছে ও বোমা নির্মাণ সম্পন্ন করতে গবেষণা অব্যাহত রেখেছে।
ওই প্রতিবেদনের জোড়ালো প্রতিবাদ করে ইরান। তারা দাবী করে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।
কিন্তু ওই প্রতিবেদন প্রকাশের পর, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের ওপর নিষেধাজ্ঞা আরো কঠিন করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপেরও প্রস্তাব করা হয়েছে।
ইইউ’র ওই সিদ্ধান্তের তিন সপ্তাহ পর ইরান এ হুমকি দিলো।
ইইউভুক্ত ২৭টি দেশ প্রতিদিন ৪ লাখ ৫০ হাজার ব্যারেল পরিশোধিত ইরানি তেল বিভিন্ন দেশে সরবরাহ করে। প্রধানত চীন ও ভারতে রপ্তানি হওয়া এ তেল ইরানের মোট রপ্তানির ১৮ শতাংশ। প্রস্তাবিত নিষেধাজ্ঞা কার্যকর হলে এ তেল নেয়া বন্ধ করে দেবে ইইউ।
ইরানের এ হুমকিকে ‘ক্রুদ্ধতার বহিঃপ্রকাশ’ বলে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী দিয়ে তেলের অবাধ প্রবাহকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলে জোর দিয়ে উল্লেখ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
তেল সরবরাহের নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধজাহাজ আগে থেকেই হরমুজ প্রণালী পাহারা দিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/সিআর/১৫৩৪ ঘ.
bdnews24