২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসভায় পাস হলো লোকপাল বিল

বহুল আলোচিত দুর্নীতিবিরোধী আইন ‘লোকপাল’ বিল পাস করেছে ভারতীয় লোকসভা। এর মাধ্যমে গান্ধীবাদি সমাজকর্মী আন্না হাজারের গড়ে তোলা দুর্নীতি বিরোধী আন্দোলনের ঢেউ সামাল দিতে পারবে বলে আশা করছে কংগ্রেস সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 07:55 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

নয়াদিল্লি, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বহুল আলোচিত দুর্নীতিবিরোধী আইন ‘লোকপাল’ বিল পাস করেছে ভারতীয় লোকসভা। এর মাধ্যমে গান্ধীবাদি সমাজকর্মী আন্না হাজারের গড়ে তোলা দুর্নীতি বিরোধী আন্দোলনের ঢেউ সামাল দিতে পারবে বলে আশা করছে কংগ্রেস সরকার। মঙ্গলবার প্রস্তাবিত বিলটি নিয়ে লোকসভায় বিতর্কের পর সদস্যদের কণ্ঠভোটে পাস হয়। ভারতীয় সময় সকাল ১১টা থেকে বিলটি নিয়ে লোকসভায় বিতর্ক শুরু হয়। এরপর সারাদিন গড়িয়ে মধ্যরাতে বিলটি পাশ হয়। এর আগে বিরোধীদের কিছু দাবি মেনে বিলটিতে কিছু সংশোধনীও আনে সরকার। কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুর গান্ধী বিলটিকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার প্রস্তাব করেন। এ লক্ষ্যে সংবিধান সংশোধনী বিল আনা হলেও তা এক তৃতীয়াংশ সমর্থন পেতে ব্যর্থ হয়। ফলে বিলটি সংবিধানের অংশ হতে পারেনি। তবে বিলটি আইনে পরিণত হতে হলে পার্লমেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার বাধা পেরোতে হবে। রাজ্যসভায় সরকারী দল সংখ্যালঘু। তাই বিলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। নিত্য দুর্নীতি ও সরকারী কর্মকর্তাদের হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারী নিয়ে দেশটির মধ্যবিত্তরা মনমোহন সরকারের ওপর ক্ষুব্ধ। আন্না হাজারের দুর্নীতিবিরোধী অনশন আন্দোলনের চাপে চলতি বছরের মধ্যেই দুর্নীতিবিরোধী আইন পাস করার ঘোষণা দেয় সরকার। বিলটি পাস হওয়ার পর ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, “এই বিল পাসের মধ্য দিয়ে আমাদের দেওয়া প্রতিশ্র“তি পূরণ করলাম।” তবে বিলটি সাংবিধানিক মর্যাদা না পাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। এ জন্য বিরোধীদলগুলোকে দায়ী করেছে কংগ্রেস দলীয় সদস্যরা। এ দিকে লোকসভায় পাস হওয়া লোকপাল বিলটিকে ‘ক্ষমতাহীন’ আখ্যায়িত করেছেন আন্না হাজারে। তিনি আরো কঠোর দুর্নীতিবিরোধী আইনের দাবিতে মঙ্গলবার থেকেই আবারো অনশন আন্দোলন শুরু করেছেন। ভারতীয় লোকসভায় প্রথম দুর্নীতিবিরোধী আইন প্রস্তাব করা হয় চল্লিশ বছর আগে। এরপর থেকে এ দীর্ঘ সময় ধরে প্রস্তাবটি ঝুলে ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫৩ ঘ.