গ্রেপভাইন, টেক্সাস, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বড়দিনের উৎসবের মধ্যেই যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি অ্যাপার্টমেন্টে গুলিতে নিহত হয়েছেন সাতজন।
ডালাসের গ্রেপভাইন টাউনের ওই অ্যাপার্টমেন্ট থেকে রোববার লাশগুলো উদ্ধার করে পুলিশ। নিহতদের চারজন নারী, বাকিরা পুরুষ। অ্যাপার্টমেন্টের ভিতরে তাদের গুলিবিদ্ধ লাশের আশেপাশে ছাড়ানো ছিল বড়দিনের উপহারের অক্ষত প্যাকেট।
পুলিশের ধারণা, এই সাতজনের একজনই গুলি করে বাকিদের হত্যা করে নিজে আত্মহত্যা করেছে। হত্যাকারী হিসেবে একজন পুরুষকে সনাক্তও করেছে পুলিশ।
গ্রেপভাইন পুলিশ বিভাগের সার্জেন্ট রবার্ট এবারলিং বলেন, তার এলাকায় বড় দিনের মওসুমে এমন নৃশংস হত্যাকাণ্ড আর কখনো ঘটেনি।
টেক্সাসের স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ১১টার দিকে একটি জরুরি টেলিফোন কলের সূত্র ধরে ওই অ্যাপার্টমেন্টে অভিযান চালায় পুলিশ। লিঙ্কন ভাইনইয়ার্ডের ওই ভবনের প্রথম তলার বৈঠকখানায় মৃতদেহগুলো পাওয়া যায়।
রবার্ট এবারলিং জানান, ওই অ্যাপার্টমেন্ট থেকে দুটি পিস্তল পাওয়া গেছে। তবে প্রতিবেশিরা কেউ গুলির শব্দ শোনেননি। নিহতরা একই পরিবারের সদস্য বলেও পুলিশের ধারণা।
নিহত দুজনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে, বাকিরা ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
ডালাস থেকে ২০ মাইল উত্তরপশ্চিমে গ্রেপভাইন শহরে প্রায় ৪৬ হাজার মানুষের বসবাস। স¤প্রতি টেক্সাস রাজ্যের সিনেট এ শহরটিকে টেক্সাসের ‘ক্রিসমাস ক্যাপিটাল’ বা বড়দিনের রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১১৫৪ ঘ.
bdnews24