২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় গির্জায় হামলা, নিহত ২৭

বড়দিনের প্রার্থনা চলাকালে নাইজেরিয়ার রাজধানী আবুজায় একটি গির্জায় বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 11:52 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

আবুজা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বড় দিনের প্রার্থনা চলাকালে নাইজেরিয়ার রাজধানী আবুজায় একটি গির্জায় বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। দেশটির আরো তিনটি শহরে এদিন বোমা বিস্ফোরণ হয়। নাইজেরিয়ার ‘উগ্র ধর্মীয়’ গোষ্ঠী বোকো হারাম এ হামলার দায় স্বীকার করেছে। রোববার রাজধানী আবুজার কেন্দ্রস্থল থেকে ৪০ কিলোমিটার পশ্চিমের মাদালা শহরের ক্যাথলিক গির্জা সেইন্ট টেরেসার যাজক ফাদার ক্রিস্টোফার বার্ডে বলেন, বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়। এ ঘটনা ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন বলেন, “বোকো হারাম চিরদিন থাকবে না। এরা একদিন শেষ হবে।” প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে সেইন্ট টেরেসা গির্জা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আশপাশের বাড়ির জানালা উড়ে যায়। বিস্ফোরণে অনেকে হতাহত হয়। প্রত্যক্ষদর্শী টিমোথি অনিকেয়ার রয়টার্সকে বলেন, “বিস্ফোরণের সময় পরিবারের সদস্যদের নিয়ে আমি গির্জার মধ্যে ছিলাম। আমি দৌড়ে বেরিয়ে যাই। আমি এখনো জানি না আমার ছেলে-মেয়ে ও স্ত্রী কোথায়। আমি জানি না মোট কতোজন নিহত হয়েছে। তবে অনেকে প্রাণ হারিয়েছে।” নাইজেরিয়ার উত্তরাঞ্চলে প্রচলিত হাউসা ভাষা বোকো হারাম অর্থ ‘পশ্চিমা শিক্ষা পাপের’। এ গোষ্ঠীটি আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর মতাদর্শ ধারণ করে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে অনেক সহিংস ঘটনার জন্য বোকো হারামকে দায়ী করা হয়। এ বছর রাজধানী আবুজায় জাতিসংঘ সদর দপ্তরে আত্মঘাতী হামলারও দায় স্বীকার করে এ গোষ্ঠী। গত অগাস্টের ওই হামলায় অন্তত ২৩ জন নিহত হয়। গত বছর জুলাই থেকে এ পর্যন্ত বোকো হারাম সদস্যদের হামলায় আড়াইশর বেশি মানুষ নিহত হয় বলে বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি। সেইন্ট টেরেসায় বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরে জোস শহরে ও ইয়োবে প্রদেশের গাদাকা শহরে গির্জায় বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়। গাদাকায় বিস্ফোরণে অনেকে আহত হয়েছে বলে সেখানকার অধিবাসীরা জানিয়েছে। জোস থেকে রয়টার্সের এক ক্যামেরাম্যান জানান, বিস্ফোরণে এক পুলিশ সদস্য সামান্য আহত হয়। এ বিস্ফোরণে অন্য কারো হতাহতের খবর পাওয়া যায়নি। জোস শহরে আরো দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয় বলেও পুলিশ জানায়। নাইজেরিয়ার উত্তরাপূর্বাঞ্চলীয় দামাতুরু শহরেও দুটি বিস্ফোরণ ঘটেছে বলে সেখানকার অধিবাসীরা জানায়। তবে সেখানে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। মাদালার অধিবাসী টনি আকপান বলেন, “বিকট শব্দে বিস্ফোরণ হয়। আমার ঘর কেঁপে উঠেছিলো।” “কী ঘটেছে তা দেখতে আমি গির্জার সামনে আসি। সেখানে আমি নিজেই ১৯টি মৃতদেহ পড়ে থাকতে দেখি। অনেকের দেহই ছিন্নভিন্ন হয়েছিলো। সেখানে পাঁচটি গাড়ির ধ্বংসাবশেষ দেখা যায়।” এ ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী নানা নাচুকু রয়টার্সকে বলেন, “প্রার্থনা শেষে সবাই গির্জা থেকে বেরিয়ে আসছিলো এবং হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। গাড়িগুলোতে আগুনে জ্বলতে থাকে এবং সর্বত্র মৃতদেহ ছড়িয়ে পড়ে।” “বিস্ফোরণটি গির্জার মধ্যে নয়, সেখানে ঢোকার পথে ঘটে।” হামলায় আহতদের ঠিক সময়ে উদ্ধার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৫১ ঘ.