২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ২০

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর তালোকানে রোববার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

কাবুল, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর তালোকানে রোববার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মাহমুদ আল-হুসেইন রয়টার্সকে বলেন, লোকজন শেষকৃত্যের জন্য জড়ো হওয়ার সময় এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে মুতালিব বিক নামের একজন পার্লামেন্ট সদস্যও রয়েছেন বলে জানায় পুলিশ। এক সময়কার শান্তিপূর্ণ তাখার প্রদেশে গত বছর কয়েক দফা বড় ধরনের হামলার ঘটনা ঘটে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করা হয়। হত্যার তালিকায় গত মে মাসে খুন হওয়া এক শীর্ষস্থানীয় পুলিশ কমান্ডারও আছেন। তাখার একসময় এতটাই শান্তিপূর্ণ ছিল যে, সেখানে কোন স্থায়ী বিদেশি সেনা ঘাঁটি ছিল না। প্রতিবেশী কুন্দুজ প্রদেশের সেনা ঘাঁটি থেকে জার্মান সেনারা তাখারের তদারকি করত। আফগানিস্তানে হাজার হাজার পশ্চিমা সেনা উপস্থিতি সত্ত্বেও জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো জানিয়েছে, ২০০১ সালের শেষদিকে মার্কিন নেতৃত্বাধীন আফগান সেনারা তালেবান সরকারের পতনের পর দেশটিতে এখন সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটছে। ন্যাটো-নেতৃত্বাধীন সেনারা জানিয়েছে, গত কয়েক মাস ধরে তাদের সেনাদের ওপর জঙ্গি হামলা ক্রমশ কমে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৩৪ঘ.