২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট কমালো জাতিসংঘ

২০১২-১৩ সালের জন্য পাশ করা বাজেট পূর্ববর্তী দুই বছরের তুলনায় ৫ শতাংশ কমিয়েছে জাতিসংঘ । গত পঞ্চাশ বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘের বাজেট কমলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

জাতিসংঘ, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১২-১৩ সালের জন্য পাশ করা বাজেট পূর্ববর্তী দুই বছরের তুলনায় ৫ শতাংশ কমিয়েছে জাতিসংঘ । গত পঞ্চাশ বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘের বাজেট কমলো। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে হ্রাসকৃত বাজেট পাশ হয়। ২০১২-১৩ সালের জন্য ৫শ’ ১৫ কোটি ডলারের বাজেট প্রস্তাব করা হয়। ২০১০-১১ সালের বাজেট ছিলো ৫শ ৪১ কোটি ডলারের। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলা অবস্থায় জাতিসংঘের বাজেট কমানোকে স্বাগত জানিয়েছেন মহাসচিব বান কি মুন। তিনি এ পদক্ষেপ নেওয়ার জন্য ১৯৩ জাতি সাধারণ পরিষদের প্রসংশা করেছেন। শুক্রবার সারারাত ধরে আলোচনা চলার পর শনিবার সকালে বাজেট নিয়ে একমত হয় সাধারণ পরিষদের সদস্যরা। জাতিসংঘের দ্বিবার্ষিক বাজেট গত দুই দশক ধরে প্রতি বাজেট বছরে সাধারণত ৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। তবে ১৯৯৮ সালে আগের দুবছরের তুলনায় প্রথমবারের মতো বাজেট কমিয়েছিলো সাধারণ পরিষদ। সাধারণ পরিষদ পাসকৃত এ বাজেটে বিভিন্ন দেশে শান্তিরক্ষায় নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর বাজেট অন্তর্ভূক্ত নেই বলে জানা গেছে। শান্তিরক্ষায় নিয়োজিত বাহিনীর বাজেট প্রতি বছর অন্য একটি অধিবেশনে অনুমোদন করা হয়। চলতি বছর এ খাতে ৭শ কোটি ডলারেরও বেশি বাজেট বরাদ্দ রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৫৮ঘ.