ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে হজব্রত পালন করতে যাওয়া ভারতের ১৬৬ হাজির খোঁজ পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে ‘হাজি’ পরিচয়ে সৌদি আরবে যাওয়া এই ব্যক্তিদের সবাই ভিক্ষুক।
শনিবার দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, হজ শেষে দেশে ফেরার সময় এই ১৬৬ জন জেদ্দা বিমান বন্দরে হাজির না হলে সেন্ট্রাল হজ কমিটি অব ইন্ডিয়াকে বিষয়টি জানানো হয়।
সেন্ট্রাল হজ কমিটি অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাকির হোসেন বলেন, নিখোঁজ ১৬৬ জন ভিক্ষুকদের একটি বিশাল চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে আসা এই ১৬৬ জনের অবস্থান বিষয়ে কোনো তথ্য নেই বলে জানান তিনি।
তিনি বলেন, এরা হজে যাওয়ার অনুমতি কীভাবে পেলো তা জানতে চেয়ে পশ্চিমবঙ্গের হজ কমিটির প্রধানকে চিঠি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকেও জানানো হয়েছে।
তিনি আরো বলেন, এদের চিহ্নিত করা এবং আটকানো রাজ্যের হজ কমিটির দায়িত্ব ছিলো।
স¤প্রতি কোলকাতায় ভিক্ষুকদের চক্রের নেতা শরফুল হককে গ্রেপ্তার করা হয়।
এর আগে সৌদি আরবে কিছু ভারতীয় ভিক্ষুককে আটক করার পর তাদের জিজ্ঞাসাবাদের সময় শরফুলের নাম প্রকাশ করে তারা।
এদিকে জেদ্দায় ভারতীয় দূতাবাসের কর্মকর্তা বি এস মুবারক বলেন, হজ কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত নয় এমন কাজ করা ৩০জনকে খুঁজে পেয়েছি আমরা। তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৫১ ঘ.
bdnews24