২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৪০

সিরিয়ায় রাজধানী দামেস্কর নিরাপত্তা কেন্দ্রে শুক্রবার দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৪০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ভিডিও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 11:41 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

বৈরুত, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সিরিয়ায় রাজধানী দামেস্কর নিরাপত্তা কেন্দ্রে শুক্রবার দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৪০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

সিরিয়ার দুনিয়া টেলিভিশন চ্যানেল ঘটনাস্থলের সাংবাদিকদের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের প্রশাসনিক ভবন ও একটি স্থানীয় নিরাপত্তা সংস্থার শাখাকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

বোমা হামলার প্রাথমিক ফুটেজে ধ্বংসাবশেষের স্তুপ দেখা গেছে এবং চিকিৎসাকর্মীরা রক্তাক্ত দেহগুলো তোশক দিয়ে পেঁচিয়ে নিচ্ছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এ হামলার পেছনে আল কায়েদার হাত আছে।

কিন্তু বিরোধী পক্ষের বিদ্রোহীরা বলছে, আরব লিগ পর্যবেক্ষকদের প্রভাবিত করার জন্য সরকার হামলার এ নাটক সাজিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে টেলিফোনে জানিয়েছেন, রাজধানীতে দুটি বিস্ফোরণ ঘটেছে। সিরিয়ার বিরোধী পক্ষের মানবাধিকার পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে, ভারি গুলিবর্ষণের পর বিস্ফোরণ দুটি ঘটে।

গত মার্চ থেকে রক্তক্ষয়ী সরকার বিরোধী আন্দোলনে সহিংসতা বন্ধ করতে আবর লিগের শান্তি চুক্তির আওতায় সংস্থাটির প্রাথমিক পর্যবেক্ষক দল দামেস্কে অবতরণের পরদিনই এ হামলা হল।

গত মাসেও দামেস্কে সিরিয়ার গোয়েন্দা ভবনের সামনে একটি ছোট বিস্ফোরণ ঘটেছিল বলে জানা যায়। তবে ওই বিস্ফোরণে তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি।

জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে দমনাভিযানে ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

এ সহিংসতা ঠেকাতে ডিসেম্বরের শেষ দিকে প্রায় ১৫০ জন বিশিষ্ট আবর লিগ পর্যবেক্ষক দল সিরিয়ায় পৌঁছবে।

ব্রিটিশ ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী আভায বৃহস্পতিবার জানিয়েছে, সিরিয়ায় সংঘর্ষে ৬ হাজার ২৩০ জন সাধারণ মানুষ ও নিরাপত্তা সেনা নিহত হয়েছেন বলে তাদের কাছে প্রমাণ আছে।

তারা আরো জানায়, ৬১৭ জন নির্যাতনের শিকার হচ্ছে এবং নিহতদের মধ্যে কমপক্ষে ৪০০ জন শিশুও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২৬ঘ.