মস্কো, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার রাজনৈতিক পদ্ধতিতে সর্বাত্মক সংস্কারের অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
বৃহস্পতিবার ক্রেমলিনে পার্লামেন্টের দুই কক্ষের সদস্যদের সামনে ভাষণে মেদভেদেভ এ অঙ্গীকার করেন।
ভাষণে তিনি গর্ভনর নির্বাচন পুনরায় শুরুর কথা জানান। বর্তমানে ক্রেমলিন সরাসরি গভর্নরদের নিয়োগ দিয়ে থাকে।
মেদভেদেভ বলেন, “প্রধানমন্ত্রী ভাদিমির ভাদিমিরোভিচ পুতিনের পদক্ষেপকে সমর্থনের মাধ্যমে আজ আমাদের দেশকে উন্নয়নের নতুন ধাপে নিয়ে যাওয়ার জন্য আমি রাজনৈতিক পদ্ধতিতে একটি সর্বাত্মক সংষ্কারের প্রস্তাব করছি।”
তিনি আরো বলেন, “আমি বলতে চাই, যারা পরিবর্তনের ডাক দেয় এবং রাজনীতি বোঝে তাদের সঙ্গে আলোচনা করেছি। রাজনীতির ক্ষেত্রে আমাদের সব নাগরিককে আইনিভাবে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া উচিত।”
রাশিয়ায় গত ১২ বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ সামাল দিতেই এ রাজনৈতিক সংস্কারের পথ বেছে নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছর ৪ ডিসেম্বর নির্বাচনের পর থেকে রাশিয়ায় পুতিন বিরোধী বিক্ষোভ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৩০ঘ.
bdnews24