২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘২০১১ সালে বিশ্বে প্রায় ৭০ সাংবাদিক নিহত’

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০১১ সালে সারাবিশ্বে ৬৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের অধিকাংশই আরব বিশ্বের গণআন্দোলন, মেক্সিকোর সংঘবদ্ধ অপরাধ ও পাকিস্তানের ঘটনাবলীর সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 05:50 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

প্যারিস, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০১১ সালে সারাবিশ্বে ৬৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের অধিকাংশই আরব বিশ্বের গণআন্দোলন, মেক্সিকোর সংঘবদ্ধ অপরাধ ও পাকিস্তানের ঘটনাবলীর সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারান। পাকিস্তানে ২০১১ সালে ১০ জন সাংবাদিক প্রাণ হারান। তাদের বেশিরভাগকেই হত্যা করা হয়েছে। এ কারণে পাকিস্তান পরপর দ্বিতীয় বছরের মতো সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক দেশে পরিণত হয়েছে। আরব বিশ্বে গণজাগরণ শুরু হওয়ার পর চলতি বছর ২০ সাংবাদিক নিহত হয়েছে। একই সংখ্যক সাংবাদিক লাতিন আমেরিকার দেশগুলোতে সংঘবদ্ধ অপরাধ বিষয়ক খবর সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছে। প্যারিসভিত্তিক রিপোর্টার্স উইদাউট বর্ডার (আরএসএফ) সংগঠনটি বৃহস্পতিবার এই পরিসংখ্যান তুলে ধরেন। চলতি বছর অন্ততপক্ষে ১ হাজার ৪৪ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। ২০১০ সালের তুলনায় এই পরিসংখ্যান প্রায় দ্বিগুণ। আরব বিশ্বের গণআন্দোলনে বিপুল সংখ্যক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গ্রিস, বেলারুশ, উগান্ডা, চিলি এবং যুক্তরাষ্ট্রেও আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তারের শিকার হন অনেক সাংবাদিক। আরএসএফ জানায়, “কায়রোর স্বাধীনতা চত্ত্বর (তাহরির স্কয়ার) থেকে পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় খুজদার, মুগাদিশু থেকে ফিলিপাইনের শহরগুলো পর্যন্ত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য।” চীন, ইরান এবং ইরিত্রিয়া সংবাদমাধ্যমকর্মীদের জন্য সবচেয়ে বড় জেলখানা বলে কথিত আছে। দেশগুলোতে কত অগণিত সংখ্যক সংবাদকর্মী জেলের ঘানি টানছেন তার কোনো পরিসংখ্যান নেই। আরএসএফ বিশ্বের ১০টি স্থানকে সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। এগুলোর মধ্যে রয়েছে আইভরি কোস্টের বাণিজ্যিক রাজধানী আবিদজান। ওখানে নির্বাচনী সহিংসতায় ২ সাংবাদিক নিহত হন। কায়রোর স্বাধীনতা চত্ত্বরে সাংবাদিকরা প্রায়ই ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের সমর্থকদের হামলার শিকার হতো। এ ছাড়া সিরিয়ার দেরা, হমস এবং দামেস্কাসও সাংবাদিকদের জন্য শীর্ষ ১০ ঝুঁকিপূর্ণ স্থানের তালিকায় ঠাঁই পায়। ইয়েমেনের রাজধানী সানা ও লিবিয়ার মিসরাতাও এই তালিকায় রয়েছে। ২০১০ সালে বিশ্বে ৫৭ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন। তবে চলতি দশকে ২০০৭ সাল ছিল সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ। ওই বছর ইরাক যুদ্ধের ঘনঘটায় সাংবাদিকদের নিহতের সংখ্যা গিয়ে ৮৭ এ ঠেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৫ ঘ.