২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের পরিস্থিতি ওবামার জন্য চ্যালেঞ্জ

ইরাকের সুন্নি ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় চ্যালেঞ্জের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরাকের সুন্নি ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় চ্যালেঞ্জের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের একদিন পর শিয়া প্রধানমন্ত্রী নিয়ন্ত্রিত ইরাক সরকারের এ সিদ্ধান্তে সা¤প্রদায়িক সহিংসতার ঝুঁকির মুখে রয়েছে দেশটি। ইরাকের এ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামাকে দায়ী করছেন বিরোধী রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীরা। সোমবার ইরাকের সুন্নি ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাসেমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইরাক কর্তৃপক্ষ। শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকির নেতৃত্বাধীন ইরাকি প্রশাসন ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে রাজনৈতিক নেতাদের হত্যার ষড়যন্ত্র ও বোমাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনে। তারেক আল হাশেমি ইরাকের শীর্ষস্থানীয় সুন্নি রাজনৈতিক নেতা। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় দেশটির শিয়া, সুন্নি ও কুর্দিদের মধ্যে বিরাজমান দ্বন্দ প্রকাশ্য রূপ নেবে বলে আশঙ্কা ছড়িয়ে পড়েছে। ওবামার বিরোধী রিপাবলিকানরা অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহার করে নেয়ায় ইরাকে অস্থিতিশীলতা দেখা দেওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। বিরোধী রিপাবলিকান কংগ্রেস সদস্য ও প্রেসিডেন্ট প্রদপ্রার্থীরা একযোগে বিষয়টি নিয়ে ওবামার সমালোচনা করছে। তাই ইরাক পরিস্থিতি পরবর্তী মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ওবামার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯১৪ঘ.