২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় দুইদিনে নিহত প্রায় ২শ

সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলনে আবারো প্রকটভাবে সহিংসতা ছড়িয়ে পড়ায় গত দুই দিনে সংঘর্ষে প্রায় ২০০ জন নিহত হয়েছে। আন্দোলনকারীরা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

বৈরুত, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলনে আবারো প্রকটভাবে সহিংসতা ছড়িয়ে পড়ায় গত দুই দিনে সংঘর্ষে প্রায় ২০০ জন নিহত হয়েছে। আন্দোলনকারীরা একথা জানিয়েছে। দুটি বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, মঙ্গলবার সহিংসতায় ৮৪ জন নিহত হয়েছে। দেশের উত্তর-পশ্চিআঞ্চলের ইদলিব প্রদেশেই বেশিরভাগ নিহতের ঘটনা ঘটেছে। বিবিসি এ খবর জানিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স বলছে, মঙ্গলবারের সংঘর্ষে ইদলিবে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫৬ জনে দাঁড়িয়েছে। সিরিয়ার বিরোধী পক্ষের মানবাধিকার পর্যবেক্ষক বুধবার এ তথ্য জানায়। বিট্রিশ-ভিত্তিক ওই মানবাধিকার গোষ্ঠী জানায়, তারা ‘নাগরিক ও বিদ্রোহীদের’ মধ্যে যারা নিহত হয়েছে তাদের নামের তালিকা তৈরি করেছে। তবে আরো বেশ কয়েকজন নিহতের আশঙ্কা রয়েছে। পর্যবেক্ষক গোষ্ঠীর রামি আব্দুলরহমান জানিয়েছেন, “ওই এলাকার একজন বিদ্রোহী বলেছেন, স্থানীয় হাসপাতালে ১২১ জনের দেহ নিয়ে যাওয়া হয়েছে।” সোমবারের সংঘর্ষে নিহতের সংখ্যা খুব সম্ভবত ১১০ জন বলে জানিয়েছে বিবিসি। এর মধ্যে ৬০-৭০ জনই পক্ষত্যাগী সেনা। সিরিয়ার সরকার বেশিরভাগ স্বাধীন প্রতিবেদন প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটিতে কী ঘটছে তার সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। সিরিয়ায় আরব লীগের প্রস্তাবিত শান্তি প্রক্রিয়া কতটুকু বাস্তবায়িত হচ্ছে তা পর্যবেক্ষণের জন্য সংস্থাটির একটি অগ্রবর্তী পর্যবেক্ষক দল দেশটিতে পৌছাঁর একদিন আগে সহিংসতার এ ঘটনা ঘটল। জাতিসংঘ এ মাসের শুরুর দিকে জানিয়েছে, গত মার্চে আসাদ বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে সিরিয়া জুড়ে ৫ হাজারের বেশি লোক নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৬ঘ.