ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-‘প্রিয় নেতা’ কিম জং ইলের মৃত্যুতে শোকে মুহ্যমান উত্তর কোরিয়া। সোমবার শোক প্রকাশ করতে রাস্তায় নেমে আসে লাখো জনতা। প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়ে অনেকেই।
সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে নেতা কিম জং-ইলের মৃত্যু সংবাদ প্রচার করে জানায়, দুইদিন আগে এক ট্রেন সফরের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।
উত্তর কোরিয়ার কেআরটি নিউজের এক সংবাদে বলা হয়, “খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের মহান নেতা কিম জং -ইল আকস্মিক অসুস্থতার কারণে ১৭ ডিসেম্বর ২০১১ আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন।”
তার মৃত্যুতে দেশে শোকের ছায়া নেমে আসার পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। উত্তর কোরিয়া অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কায় সতর্কবস্থায় রয়েছে প্রতিবেশী দেশগুলো।
কিমের মৃত্যুসংবাদ প্রচারের আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে দক্ষিণ কোরিয়ারর বার্তা সংস্থা ইয়োনহাপের অনিশ্চিত কয়েকটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শঙ্কা আরো বেড়েছে।
কিমের মৃত্যুর পরপরই দক্ষিণ কোরিয়া তাদের সশস্ত্র বাহিনীকে সতর্কবস্থায় রেখেছে। ওদিকে, বিশেষ নিরপত্তা বৈঠক করেছে জাপান।
উত্তর কোরিয়ার বন্ধুদেশ চীন কিমের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছে এবং কোরিয়া উপদ্বীপসহ এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতায় সক্রিয় অবদান রাখার অঙ্গীকার করেছে।
ওদিকে, জাপানের মন্ত্রিপরিষদ সচিব ওসামু ফুজিমুরা উত্তর কোরীয় নেতা কিমের মৃত্যু এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতায় কোনো প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০০০ঘ.
bdnews24