২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব লিগ চুক্তি সই করলো সিরিয়া

পর্যবেক্ষকদের দেশে প্রবেশের অনুমতি দিয়ে সোমবার আরব লিগ চুক্তি সই করেছে সিরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 12:29 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

কায়রো, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পর্যবেক্ষকদের দেশে প্রবেশের অনুমতি দিয়ে সোমবার আরব লিগ চুক্তি সই করেছে সিরিয়া। এ চুক্তির আওতায় আরব পর্যবেক্ষকরা সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ দমনাভিযান বন্ধে আরব লিগ প্রস্তাবিত শান্তি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে। মিশরের রাজধানী কায়রোয় আরব লিগের সদরদপ্তরে সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাল এ চুক্তি সই করেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম একথা জানিয়েছেন। চুক্তিতে দামেস্কর সংশোধন প্রস্তাব আরব লিগ মেনে নিয়েছে বলে জানান তিনি। আরব লীগের এক কূটনীতিকও সিরিয়ার আরব পর্যবেক্ষক প্রবেশের অনুমতি দিয়ে চুক্তি সই করার খবর নিশ্চিত করেছেন। সিরিয়া আরব লিগ প্রস্তাবিত শান্তি চুক্তির অন্যান্য শর্তগুলো মেনে নিলেও পর্যবেক্ষক প্রবেশের অনুমতি দিতে কয়েক সপ্তাহ দেরী করলো। সিরিয়া চুক্তি সই না করলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার হুমকি দিয়েছিলো আরব লিগ। এ হুমকির পরপরই সিরিয়া এ পদক্ষেপ নিলো। এর আগে সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর দমনাভিযানের জন্য আরব লীগ থেকে সিরিয়াকে বহিষ্কার করাসহ দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আরব লিগ। প্রয় নয় মাস ধরে সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদ বিরোধী বিক্ষোভ চলছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, এ বিক্ষোভ দমনাভিযানে ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮১৭ঘ.