২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইফুনে মৃতদের গণকবর দিচ্ছে ফিলিপাইন

ফিলিপাইনে টাইফুনে মৃতদের গণকবর দেওয়ার প্রস্তুতি চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

কাগাইয়ান ডি ওরো, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনে টাইফুনে মৃতদের গণকবর দেওয়ার প্রস্তুতি চলছে। বেতারে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান বেনিতো রামোস অসুস্থতা ছড়িয়ে পড়ার আগেই নিহতদের গণকবর দেয়ার পরামর্শ দিয়েছেন। এটাই স্থানীয় সরকার ও ডিওএইচ স্বাস্থ্য বিভাগের জন্য বিচক্ষণ হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, “হেলিকপ্টার থেকে আমরা প্রধান চারটি নদী দেখলাম। নদী তীরের বাড়িগুলো একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে।” ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিনদানাও দ্বীপে শুক্রবার টাইফুন ওয়াশি আঘাত হানে। এতে ৫শ’ ৩৩ জন মারা গেছে এবং আরো ৩০৯ জন নিখোঁজ রয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে। অপর দিকে ফিলিপাইনে রেড ক্রস জানিয়েছে, এতে ৬শ’ ৫২ জনের প্রাণহানি হয়েছে এবং আট শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। ২০০৯ সালে ফিলিপাইনে ঘূর্ণিঝড় অনডোই আঘাত হানলে রাজধানী ম্যানিলাও পানিতে ভেসে যায়। ওই ঝড়ে কয়েকশ’ মানুষ মারা যায়। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, উষ্ণমণ্ডলীয় ঝড় ‘ওয়াশি’ ঘণ্টায় ৭৫ থেকে ৯০ কিলোমিটার বেগে শনিবার সকালে মিনদানাও দ্বীপের ইলিগান শহরের পশ্চিমের দিপোলোগ শহরের কাছ দিয়ে বয়ে গেছে। এটি সুলু সাগরের দিকে যাচ্ছে। টেলিভিশনে স¤প্রচারিত চিত্রে দেখা গেছে, কাদার নিচে মৃতদেহ পড়ে আছে, একটার ওপর আরেকটা গাড়ি পড়ে আছে ও ঘরবাড়ি ভেঙে-চুরে আছে। ফিলিপাইনে বছরে অন্তত ২০টি ঝড় আঘাত হানে। এ বছর সেপ্টেম্বরে এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে নেসাত ও নালগায়ে নামের দুটি ঝড়ে অন্তত একশ মানুষের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫৩ঘ.