সিডনি, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়ার সময় ইন্দোনেশিয়ার পূর্ব জাভা উপকূলে ৩৮০ জন আরোহী নিয়ে ডুবে যাওয়া নৌকার নাবিকেরা পালিয়ে গেছে।
নৌকাটি বিপর্যয়ের মুখে পড়া মাত্রই তারা লাইফ জ্যাকেট পড়ে সাঁতরে পালিয়ে যায়।
শনিবার গভীর রাতে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা উপকূল থেকে ৯০ কিলোমিটার দূরে সাগরে ওই দুর্ঘটনা ঘটে।
ওই ঘটনায় এখনো ২শ’রও বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন বলে সোমবার জানিয়েছে অস্ট্রেলিয়ার দ্য ডেইলি টেলিগ্রাফ।
তবে ওই ঘটনায় ঠিক কতজন যাত্রী মারা গেছে, কতজন নিখোঁজ রয়েছে এবং কতজন বেঁচে আছে তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ।
বেঁচে যাওয়া যাত্রীরা জানায়, গভীর রাতে প্রবল ঝড়ের মধ্যে সাগরের উত্তাল ঢেউয়ে তাদের বহনকারী কাঠের নৌকাটি ভেঙে গেলে নাবিকরা তাদের রেখে লাইফ জ্যাকেট পরে সাঁতরে পালিয়ে যায়।
এরকমই একজন পাকিস্তানি নাগরিক সায়িদ মোহাম্মদ জিয়া (১৮) জানান, ক্যাপ্টেন ও ছয় নাবিক নৌকাটির লাইফ জ্যাকেটগুলো নিয়ে নেয় ও সাঁতরে পালিয়ে যায়।
“তারা সবাই (নৌকার নাবিক) ইন্দোনেশিয়ার নাগরিক। বড় বড় ঢেউয়ের মধ্যে আমরা তাদের হারিয়ে ফেলি তারপর আর দেখতে পাইনি। তারা উদ্ধার পেয়েছে কিনা আমরা জানি না,” বলেন তিনি।
বেঁচে যাওয়াদের মধ্যে অনেকেই অত্যাধিক পানিশূন্যতায় ও কেউ কেউ শ্বাসকষ্টে ভুগছে। বিক্ষুব্ধ সাগরে বেঁচে থাকার সংগ্রামে জয়ী হলেও ভীষণ দুর্বল হয়ে পড়েছে তারা। কেউ কেউ নৌকার ভাঙা কাঠের টুকরা আঁকড়ে পাঁচ ঘন্টা ধরে সাগরে ভেসে ছিল।
আফগানিস্তানের ইসমত আদিনি বলেন, “আমরা শুধু খোদার কাছে আর্জি জানাচ্ছিলাম, কেউ একজন এসে আমাদের উদ্ধার করুক। আমাদের জীবন কাহিনী ওখানেই শেষ বলে ধরে নিয়েছিলাম।”
“আমাদের সামনেই অনেকে মারা যাচ্ছিল। মৃত শিশু ও নারীদের লাশ আমাদের আশপাশে ভাসছিলো,” বলেন তিনি।
বেঁচে যাওয়া যাত্রীরা জানান, তারা অস্ট্রেলিয়ায় যাওয়ার চেষ্ট করছিলেন।
ঘটনার বিষয়ে ইন্দোনেশিয়ার তদন্তকারীদের সাথে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশও সাহায্য করছে বলে জানা গেছে। সোমবার অস্ট্রেলিয়ার একটি পেট্রলবোট ও একটি পর্যবেক্ষক বিমান নিখোঁজ যাত্রীদের খোঁজে কাজ শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৭ ঘ.
bdnews24