বৈরুত, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সিরিয়ার বিক্ষোভ দমনাভিযান বন্ধের প্রস্তাব আগামী সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলতে পারে আরব লীগ।
শনিবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল-থানি বলেন, সিরিয়া এ সপ্তাহের মধ্যে আরব লিগ প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়ন না করলে আগামী সপ্তাহেই জাতিসংঘে বিষয়টি উত্থাপন করা হবে।
সিরিয়া শান্তি পরিকল্পনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের জন্য পঠানো হবে কিনা এ নিয়ে বুধবার আরব মন্ত্রীরা ভোটাভুটি করবেন।
ওই দিনই চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং সিরিয়া ওই দিনের আগেই চুক্তি সই করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, সিরিয়া আরব লিগ প্রস্তাবিত পরিকল্পনায় রাজি হওয়ার পর ছয় সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও তা বাস্তবায়ন করেনি।
কাতারে আরব লিগের মন্ত্রী পর্যায়ের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আগামী সপ্তাহগুলো বা কয়েকমাসের মধ্যে এ সমস্যা সমাধান না হলে বিয়ষটি আর আরব লিগের নিয়ন্ত্রণে থাকবে না। আর শুরু থেকে সিরীয়দের আমরা এ বিষয়টিই বলে আসছি।”
চলতি বছর ২ নভেম্বর আরব লিগ প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য শর্ত সাপেক্ষে পর্যবেক্ষক প্রবেশের অনুমতি দেয় সিরিয়া।
আরব লিগ প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় শহরাঞ্চল থেকে সেনা বাহিনী প্রত্যাহার, রাজবন্দিদের মুক্তি এবং বিরোধীদের সঙ্গে আলোচনায় বসার জন্য সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আহ্বান জানানো হয়।
কিন্তু তা বাস্তবায়ন না করায় সিরিয়াকে সংগঠন থেকে বহিষ্কারের পাশপাশি দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আরব লিগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০২৫ঘ.
bdnews24