২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া শান্তি চুক্তি সই করবে: কাতার

সিরিয়ায় সরকার বিরোধীদের ওপর দমনাভিযান বন্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আরব লিগ প্রস্তাবিত শান্তি চুক্তি সই করবেন। কাতারের কাছে এমন খবর আছে বলে রোববার জানিয়েছে আল-আরাবিয়া টেলিভিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

দুবাই, ১৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সরকার বিরোধীদের ওপর দমনাভিযান বন্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আরব লিগ প্রস্তাবিত শান্তি চুক্তি সই করবেন। কাতারের কাছে এমন খবর আছে বলে রোববার জানিয়েছে আল-আরাবিয়া টেলিভিশন। আরাবিয়া জানায়, কাতারের পররাষ্ট্রমন্ত্রী এবং সিরিয়া বিষয়ক আরব মন্ত্রীদের কমিটি প্রধান শেখ হামাদ বিন আল-থানি বলেছেন, আসাদ চুক্তিতে সই করবেন বলে তার কাছে তথ্য আছে। কিন্তু তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। আসাদ বরাবরই এ চুক্তি সই করতে গড়িমসি করে আসছেন। ফলে তাকে এ চুক্তি মানানোর জন্য চাপ সৃষ্টি করতে আরব লিগ তাদের শান্তি প্রস্তাব আগামী সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার চিন্তা-ভাবনা করছে। শনিবার শেখ হামাদ বিন জসিম আল-থানি বলেন, সিরিয়া এ সপ্তাহের মধ্যে আরব লিগ প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়ন না করলে আগামী সপ্তাহেই জাতিসংঘে বিষয়টি উত্থাপন করা হবে। এ শান্তি পরিকল্পনায় শহরাঞ্চল থেকে সেনা বাহিনী প্রত্যাহার, রাজবন্দিদের মুক্তি এবং বিরোধীদের সঙ্গে আলোচনায় বসার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আহ্বান জানানো হয়েছে। কিন্তু তা বাস্তবায়ন না করায় সিরিয়াকে ইতোমধ্যেই সংগঠন থেকে বহিষ্কারের পাশপাশি দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আরব লিগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/এলকিউ/২১৫৯ঘ.