২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানি টেলিভিশনে স্বীকারোক্তি দিল ‘সিআইএ’র চর

সিআইএ’র হয়ে কাজ করার অভিযোগে আটক ইরানি নাগরিকের একটি ভিডিওচিত্র প্রচার করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে। আটক ওই ব্যক্তি তার অপরাধ স্বীকার করেছে বলে ওই টেলিভিশন দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 08:39 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

তেহরান, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিআইএ’র হয়ে কাজ করার অভিযোগে আটক ইরানি নাগরিকের একটি ভিডিওচিত্র প্রচার করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে। আটক ওই ব্যক্তি তার অপরাধ স্বীকার করেছে বলে ওই টেলিভিশন দাবি করেছে। আমির মির্জা হেকমতি নামের আটক ওই ব্যক্তি সাক্ষাৎকারে জানান, মার্কিন গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। চ্যানেলটি জানায়, ইরানের গোয়েন্দা সংস্থাকে ভুল তথ্য দিতে আমিরকে ইরানে পাঠানো হয়েছে। ভিডিওচিত্রটিতে আমিরকে বসানো অবস্থায় দেখানো হয়। তার পরনে ছিলো শার্ট। এসময় তাকে শান্ত দেখাচ্ছিল। তিনি বলেন, “মার্কিন গোয়েন্দারা আমাকে বলেছে, এই মিশনে সফল হলে তারা আমাকে আরো প্রশিক্ষণ দেবে, আরো মিশনে পাঠাবে। “তারা আমাকে বলেছে, তিন সপ্তাহের জন্য ইরানের সামরিক ও গোয়েন্দা তথ্যের উৎস হিসেবে আমি কাজ করব। এরজন্য তারা আমাকে অর্থ দেবে এবং এরপর আমি ফিরে যাব।” আমির আরো বলেন, “আমি বাঘ্রাম (আফগানিস্তানে প্রধান মার্কিন ঘাঁটি) গোয়েন্দা কেন্দ্রে কাজ করতাম। আমি দুবাই গিয়েছিলাম এবং এরপর তেহরানে আসি।” তবে কবে দুবাই গিয়েছিলেন বা তেহরানে এসেছেন তা উল্লেখ করেন নি তিনি। এর আগে ইরানের নিরাপত্তার হুমকি দেওয়ার অভিযোগে আটক ব্যক্তিদের স্বীকারোক্তিমূলক ভিডিওচিত্র প্রচার করেছিলো ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। শনিবার ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ইরানি বংশোদ্ভূত সিআইএ’র এ চরকে আটক করে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৩৩ ঘ.