২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইকিলিকসে তথ্য দেওয়ার অভিযোগে ম্যানিংয়ের বিচার শুরু

বিশ্বব্যাপী হৈ চৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসকে যিনি যুক্তরাষ্ট্রের গোপন তথ্য সরবরাহ করেছিলেন বলে সন্দেহ করা হয়, মার্কিন সেনাবাহিনীর সেই গোয়েন্দা বিশ্লেষক ব্র্যাডলি ম্যানিংয়ের (২৩) বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 09:02 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ফোর্ট মিয়াদ, মেরিল্যান্ড, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বব্যাপী হৈ চৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসকে যিনি যুক্তরাষ্ট্রের গোপন তথ্য সরবরাহ করেছিলেন বলে সন্দেহ করা হয়, মার্কিন সেনাবাহিনীর সেই গোয়েন্দা বিশ্লেষক ব্র্যাডলি ম্যানিংয়ের (২৩) বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফোর্ট মিয়াদ সেনা ঘাঁটির আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে শুনানি শুরু হয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়ার পর এদিনই প্রথম আদালতে উপস্থিত হলেন ম্যানিং। কালো সানগ্লাস ও সামরিক পোশাকে ম্যানিংকে বেশ শান্ত দেখাচ্ছিল। শুনানি চলাকালে মাঝে মাঝে নোট নেন তিনি। ম্যানিংয়ের বিরুদ্ধে ‘রাষ্ট্রের শত্র“দের’ সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীন কারাদণ্ড হতে পারে। গত বছর যুক্তরাষ্ট্রের লাখ লাখ স্পর্শকাতর রাষ্ট্রীয় নথি ইন্টারনেটে প্রকাশ করে দেয় জুলিয়ান অ্যাসাঞ্জের ওয়েবসাইট উইকিলিকস। অভিযোগ রয়েছে, ব্রাডলি ম্যানিংই নথিগুলো উইকিলিকসকে পাচার করেছিলেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেছে ওয়াশিংটন। সামরিক বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পল অ্যালম্যানজা ম্যানিংয়ের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। অভিযোগ বুঝতে পারছেন কি না- অ্যালমানজার এমন প্রশ্নের জবাবে ম্যানিং সামরিক কায়দায় দ্রুত উত্তর দেন, “ইয়েস, স্যার।” সেনা ঘাঁটির বাইরে গণমাধ্যম কর্মীরা ছাড়াও কিছু প্রতিবাদকারী উপস্থিত ছিলেন। এ কারণে শুনানি চলাকালে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় সেখানে। যুক্তরাষ্ট্রের আইনে রাষ্ট্রের শত্র“কে সহায়তা করার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তবে সেনবাহিনী ইঙ্গিত দিয়েছে, তারা ম্যানিংয়ের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন জানাবে না। সেক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রাইভেট ফার্স্ট ক্লাস শ্রেণী থেকে ব্র্যাডলি ম্যানিংয়ের পদাবনতি হতে পারে। তার আর্থিক ভাতা ও অন্যান্য সুযোগসুবিধা বাতিল হতে পারে এবং সমরিক বাহিনী থেকে ‘অমর্যাদাকর’ বরখাস্ত করা হতে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্র সেনাবহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪৫৮ ঘ.