টোকিও, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্প ও সুনামির ৯ মাস পর দুর্ঘটনাকবলিত ফুকুশিমা পরমাণু কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ঘোষণা দিয়েছে জাপান।
পরমাণু বিষয়ক টাস্ক ফোর্সের বৈঠকে এক ঘোষণায় জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা ফুকুশিমা কেন্দ্রের পরমাণু চুল্লি ঝুঁকিমুক্ত পর্যায়ে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন।
ফুকুশিমা পরমাণু সঙ্কট সামাল দেওয়ার চেষ্টায় একে মাইলফলক অগ্রগতি হিসাবেই দেখা হচ্ছে।
জাপানে ১১ মার্চের ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমার দায়িচি পরমাণু প্রকল্পের ৬ টি চুল্লি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সুনামির আঘাতে চুল্লির শীতলকরণ প্রক্রিয়া বিকল হয়ে ৪ টি চুল্লিতে বিস্ফোরণ ঘটে। এতে চুল্লির জ্বালানি রড গলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়তা।
দীর্ঘদিনের চেষ্টার পর চুল্লিগুলোকে আবার স্বাভাবিক এবং নিরাপদ অবস্থায় ফিরিয়ে এনেছেন প্রকৌশলীরা।
সে কথাটাই জানান দিয়ে প্রধানমন্ত্রী নোদা বলেছেন, “স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা হয়েছে। পরমাণু কেন্দ্রটিতে যে দুর্ঘটনা ঘটেছিলো তা সামলানো গেছে। ফুকুশিমার চৌহদ্দিতে তেজস্ক্রিয়তার মাত্রা এখন নিম্নপর্যায়ে রাখা সম্ভব। এমনকি অপ্রত্যাশিত কোনো ঘটনার ক্ষেত্রেও তা সম্ভব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৮ঘ.
bdnews24