২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আফ্রিকার ৫টি দেশে ৯০ লাখ লোক খাদ্য সঙ্কটে পড়বে’

খরা, শস্যহীনতা, খাদ্যপণ্যের উচ্চমূল্য ও প্রবাসীদের অর্থ পাঠানো হ্রাস পাওয়ায় আগামী বছর আফ্রিকার সাহেল অঞ্চলের পাঁচটি দেশের ৯০ লাখেরও বেশি মানুষ খাদ্য সঙ্কটের মুখোমুখি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 05:35 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ডাকার, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খরা, শস্যহীনতা, খাদ্যপণ্যের উচ্চমূল্য ও প্রবাসীদের অর্থ পাঠানো হ্রাস পাওয়ায় আগামী বছর আফ্রিকার সাহেল অঞ্চলের পাঁচটি দেশের ৯০ লাখেরও বেশি মানুষ খাদ্য সঙ্কটের মুখোমুখি হবে। সোমবার নাইজেরিয়ার রাজধানী ডাকারে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা অক্সফাম এ কথা জানায়। সাহেল অঞ্চলের ওই দেশগুলো হলো মৌরিতানিয়া, নাইজার, বারকিনা ফাসো, মালি ও চাদ। জাতীয় খাদ্য সঞ্চয় মাত্রার বিপদজনক সীমা ও কয়েকটি প্রধান খাদ্যশস্যের উচ্চমূল্যের কারণে এই দেশগুলোর পরিস্থিতি অতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে জানায় অক্সফাম। দেশগুলোর কয়েকটি প্রধান খাদ্যশস্যের মূল্য গত পাঁচ বছরের গড় মূল্যের তুলনায় ৪০ শতাংশ বেড়ে গেছে বলে জানিয়েছে সংস্থাটি। “এ অঞ্চলের খাদ্য পরিস্থিতি আবার উদ্বেগজনক অবস্থায় পৌঁছে গেছে,” সংবাদ সম্মেলনে বলেন অক্সফামের আঞ্চলিক অর্থনৈতিক বিচার ব্যবস্থাপক এরিক হ্যাজার্ড। “আমরা এমন একটি অঞ্চলের কথা বলছি যেখানে খাদ্যশস্যের ঘাটতি দিনপ্রতি প্রায় ২৫ লাখ টন,” বলেন তিনি। গত বছরের তুলনায় চাদ ও মৌরিতানিয়ায় খাদ্যশস্যের উৎপাদন প্রায় ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। তবে দেশগুলোর মধ্যে নাইজারের অবস্থায়ই সবচেয়ে সঙ্কটজনক। দেশটির প্রায় অর্ধেক মানুষ অর্থাৎ প্রায় ৬০ লাখ মানুষ খাদ্য সঙ্কটে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) এ সমস্যাটিকে জলবায়ু সম্পর্কিত সমস্যা বলে চিহ্নিত করেছে। সাহেল অঞ্চল বলতে উত্তর আফ্রিকার আটলান্টিক মহাসাগরের পশ্চিম উপকূল থেকে পূর্বে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত সাহারা মরুভূমি সন্নিহিত একটি অঞ্চলকে বোঝায়। এই বিশাল অঞ্চলটির ভূপ্রকৃতি ও জলবায়ুগত মিলের কারণেই অঞ্চলটি সাহেল নামে চিহ্নিত। উল্লেখিত দেশগুলো ছাড়াও এ অঞ্চলের অন্যান্য দেশগুলো হলো সেনেগাল, দক্ষিণ আলজেরিয়া, উত্তর নাইজেরিয়া, দক্ষিণ সুদান ও দারফুর, উত্তর ইথিওপিয়া ও ইরিত্রিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১২৩ ঘ.