ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পশ্চিমবঙ্গে বিষাক্ত চোলাই মদে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে। কয়েকটি হাসপাতালে এখনো মৃত্যুর সঙ্গে লড়ছে ৩৫০ জনের বেশি মানুষ।
মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ১২ টি গ্রামের লোকজন ওই বিষাক্ত মদ পানে অসুস্থ হয়ে পড়ে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মগরাহাট, উস্তি ও মন্দিরবাজার এলাকায় এ ঘটনার পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীনদের বেশিরভাগের অবস্থাই গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা আছে বলে বিবিসি’কে জানিয়েছেন পশ্চিমবঙ্গের কৃষি ও সেচমন্ত্রী শ্যামল মন্ডল।
মদ পানকারীরা প্রায় সবাই খেটে খাওয়া শ্রমজীবী শ্রেণীর মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, চোখ জ্বালা ও খিঁচুনি ইত্যাদি উপসর্গ নিয়ে বুধবার ভোর থেকেই খাপুর, কচুয়াপাড়া, সংগ্রামপুর, কালিকাপোতা, বামনাপাড়া, সেকেন্দরপুর, ধান্যকাটাসহ আরো বেশ কয়েকটি এলাকার অনেক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অনেকে মারা যান। হাসাপাতালে নেওয়ার পরও মৃতের সংখ্যা বাড়তেই থাকে।
চোলাই মদ বিক্রি ভারতে অবৈধ। কিন্তু তা সস্তা হওয়ায় শ্রমজীবী মানুষ তাই পান করে।
ঠিক কি কারণে ওই চোলাই মদে বিষক্রিয়া হয়েছিল তা অবশ্য এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আগে চোলাইয়ের সঙ্গে মিথাইল অ্যালকোহল মিশিয়ে দেওয়ায় মদ বিষাক্ত হয়ে উঠতো।
মিথাইল অ্যালকোহল সাধারণত কাঠে রঙ করার কাজে ব্যবহৃত হয়।
ওই চোলাই মদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতোমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে মদের বিষক্রিয়ায় নিহতের ঘটনা নতুন নয়। ২০০৯ সালে কলকাতা বন্দর এলাকায় চোলাই মদ খেয়ে ২৬ জনের মৃত্যু হয়। ওই বছরই পূর্ব মেদেনিপুরে মারা যায় ৫২ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১৪ঘ.
bdnews24