২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে ক্ষমা চাইতে হবে: ইরান

ইরানের সীমানায় চালকবিহীন গোয়েন্দা বিমান পাঠানোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে ক্ষমা চাইতে হবে বলে মঙ্গলবার জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 04:04 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

তেহরান, ১৩ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের সীমানায় চালকবিহীন গোয়েন্দা বিমান পাঠানোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে ক্ষমা চাইতে হবে বলে মঙ্গলবার জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত। তিনি বলেন, ইরানের জিম্মায় থাকা বিধ্বস্ত বিমানটি ফেরত না চেয়ে বরং ওবামার উচিত ওই বিমান পাঠানোর জন্য ক্ষমা চাওয়া। যুক্তরাষ্ট্র বিমানটি ইরানের কাছ থেকে ফেরত চাওয়ার পর মেহমানপারাস্ত এ প্রতিক্রিয়া জানালেন। গত ৪ ডিসেম্বর আফগানিস্তানের কাছাকাছি ইরানের পূর্বাঞ্চলে মার্কিন ওই গোয়েন্দা (ড্রোন) বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। বিধ্বস্ত বিমানটি টেলিভিশনে দেখানো হয়েছে। বারাক ওবামা সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা এটি ফেরত দিতে বলেছি। ইরান কি প্রতিক্রিয়া জানায় তা আমরা দেখবো।” ইরানের কর্মকর্তারা ইতোমধ্যেই জানিয়েছেন, তারা চালক বিহীন বিমানটি ফেরত দেবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত এক সংবাদ সম্মেলনে বলেন, “মনে হচ্ছে (ওবামা) ভুলে গেছেন আমাদের আকাশসীমার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে, গোয়েন্দাগিরি করা হয়েছে। অবদমিত হয়েছে আন্তর্জাতিক আইন।” তিনি আরো বলেন, “এ অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে কোন ক্ষমা না চেয়ে, তিনি এ ধরনের দাবি করছেন। আমেরিকা জানে যে, ইরানের আকাশ সীমার সার্বভৌমত্ব লঙ্ঘন বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিতে পারে।” ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আহমেদ ভাহিদি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ’কে বলেছেন, “যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানটি ইসলামিক রিপাবলিক অব ইরানের সম্পত্তি। তেহরানই সিদ্ধান্ত নেবে এ ব্যাপারে তারা কী করবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০২ঘ.