২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে’

সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছে বলে জাতিসংঘ জানিয়েছে। এছাড়া ১৪ হাজার মানুষকে আটক ও ১২ হাজার ৪শ’ মানুষ পালিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে চলে গেছে বলেও অনুমান করছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 05:38 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

আম্মান, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছে বলে জাতিসংঘ জানিয়েছে। এছাড়া ১৪ হাজার মানুষকে আটক ও ১২ হাজার ৪শ’ মানুষ পালিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে চলে গেছে বলেও অনুমান করছে তারা। নিরাপত্তা পরিষদের গোপন এক বৈঠকে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা নাভি পিল্লাই এসব কথা জানান। সিরিয়ার বর্তমান এ পরিস্থিতিকে ‘অসহনীয়’ উল্লেখ করে তিনি আরো জানান, দেশটিতে মানবতাবিরোধী অপরাধের ঘটনাও ঘটে থাকতে পারে। পিল্লাই আরো জানান, নিহতের যে হিসেব তিনি দিয়েছেন তাতে সরকারি বাহিনীর নিহত সদস্যের সংখ্যা যোগ করা হয়নি। আর সিরিয়ার সরকার জানিয়েছে, ১ হাজারেরও বেশি পুলিশ ও সৈন্য মারা গেছে। “সিরিয়ার জনগণকে রক্ষায় সমষ্টিগতভাবে দ্রুত ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করা উচিত,” বলেন তিনি। সিরিয়ায় স্বাধীন কোনো পর্যবেক্ষক নেই। আর সিরিয়ার সরকার দেশটিতে আন্তর্জাতিক কোনো গণমাধ্যমকে প্রবেশের অনুমতিও দিচ্ছে না। আর তাই হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘের কর্মকর্তা জানান, গত মার্চ মাসে দেশটিতে সহিংসতা শুরু হলেও বিক্ষোভকারীরা তুলনামূলকভাবে শান্তই রয়েছে। তবে সরকারবিরোধী হামলা দিনদিন বাড়ছে। আর এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় কোনো উদ্যোগ না নিলে সিরিয়ার সরকার আরো উৎসাহিত হবে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন দেশটির ওপর ১০ দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরব লিগ সিরিয়ার সদস্যপদ স্থগিত করেছে। তবে দামাস্কাসের নিন্দা জানিয়ে জাতিসংঘ এখনও কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। পিল্লাইয়ের সঙ্গে বৈঠকের পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ওয়েস্টারওয়েল বলেন, “সিরিয়ার হত্যাকাণ্ডের কথা শুনে আমি খুবই মর্মাহত হয়েছি।” তিনি জানান, নিরাপত্তা পরিষদের যেসব সদস্য দেশ দামাস্কাসের বিরুদ্ধে নিন্দা জানাতে এখনও দ্বিধান্বিত, তাদের মনোভাব পরিবর্তন করা উচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৩১ ঘ.