ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-একদিন কুঁড়ে ঘরে কাটালেই প্রধানমন্ত্রী হওয়া যায়না বলে মন্তব্য করেছেন ভারতের দুর্নীতি বিরোধী সমাজকর্মী আন্না হাজারে। কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে তিনি একথা বলেন ।
কিছুদিন আগে ভারতের পল্লী এলাকায় সফরের সময় কুড়েঁ ঘরে রাত কাটান সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও কংগ্রেস নেত্রী সোনিয়া তনয় রাহুল গান্ধী।
রোববার নয়াদিল্লির যন্তর মন্তরে একদিনের অনশনে দেওয়া ভাষণে হাজারে বলেন, “রাহুল গান্ধীর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। সে তরুণ। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। তবে একদিন কুঁড়ে ঘরে কাটিয়েই প্রধানমন্ত্রী হওয়া যায় না। তাকে মাসের পর মাস কুঁড়ে ঘরে কাটাতে হবে।”
দুর্নীতি বিরোধী কঠোর লোকপাল বিলের ওপর পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির প্রতিবেদনের বিরুদ্ধে এক দিনের এ অনশন করেন আন্না হাজারে।
সেইসঙ্গে রাহুল গান্ধী লোকপাল বিলের গোড়া কেটে আগায় পানি ঢালছেন বলেও অভিযোগ করেন গান্ধীবাদী এ সমাজ কর্মী।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী যখন লিখিতভাবে জানিয়ে দিয়েছেন....এর পেছনে আর কে হতে পারে? এটা রাহুল গান্ধী। আর কার এতো প্রভাব রয়েছে? আমার ধারণা একমাত্র তারই বিলকে প্রভাবিত করা এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যাওয়ার সাহস আছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১২ঘ.
bdnews24