২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফি অনুগত যোদ্ধাদের ক্ষমা করতে প্রস্তুত এনটিসি

লিবিয়ার নিহত নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীকে ক্ষমা করতে দেশটির ক্ষমতাসীন সরকার প্রস্তুত রয়েছে। অন্তর্বর্তীকালীন জাতীয় পরিষদের (এনটিসি) প্রধান আব্দেল জলিল এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 08:09 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার নিহত নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীকে ক্ষমা করতে দেশটির ক্ষমতাসীন সরকার প্রস্তুত রয়েছে। অন্তর্বর্তীকালীন জাতীয় পরিষদের (এনটিসি) প্রধান আব্দেল জলিল এ কথা জানান। এনটিসি’র উদ্যোগে ত্রিপোলিতে আয়োজিত জাতীয় পুনর্মিলনী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার তিনি একথা বলেন বলে দ্য ডন জানায়। জলিল বলেন, “লিবিয়া স্থিতিশীল করতে আমরা সবকিছু করতে সক্ষম। লিবিয়া হলো সবার জন্য।” “এ শাসকের (গাদ্দাফি অনুগত) সেনাবাহিনী আমাদের শহর ও গ্রামগুলোতে যাই করুক না কেন, গাদ্দাফির অনুগত বিদ্রোহী ও সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইকারী আমাদের ভাইয়েরা ও আমরা তাদের ক্ষমা করতে প্রস্তুত রয়েছি। আমরা ক্ষমা করতে ও সহনশীল হতে সক্ষম।” লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আব্দেল রহিম আল কিবও আব্দেল জলিলের বক্তব্য সমর্থন করেছেন। তিনি বলেন, “একটি রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে জাতীয় সম্মেলন অপরিহার্য। আর প্রতিশোধের ওপর ভিত্তি করে ভবিষ্যৎ গড়া যায় না।” চলতি বছরের ২৩ অক্টোবর এনটিসি লিবিয়ার স্বাধীনতা ঘোষণার পর এটাই হচ্ছে এ ধরনের প্রথম সম্মেলন। লিবিয়ার প্রধান প্রধান আদিবাসী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং কাতার ও তিউনিসিয়ার প্রতিনিধিরা এতে যোগ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪০০ ঘ.