ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের ন্যাটো বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ রসদ সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরো কয়েক সপ্তাহ বহাল রাখার আভাস দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
দু’সপ্তাহ আগে সীমান্ত এলাকায় ন্যাটো বিমান হামলায় ২৪ পাক সেনা নিহতের প্রতিবাদে পাকিস্তান তাদের এলাকা হয়ে আফগানিস্তানের ন্যাটো বাহিনীর জন্য রসদ সরবরাহ বন্ধ করে দেয়।
আর এখন তা আরো কয়েক সপ্তাহ বন্ধ রাখা হতে পারে বলে বিবিসি’ কে জানিয়েছেন গিলানি।
তাছাড়া, ন্যাটো হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের জন্য পাকিস্তানের আকাশসীমাও বন্ধ করে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।
ওদিকে, যুক্তরাষ্ট্রকে বেলুচিস্তানের শামসি বিমান ঘাঁটি থেকে সরে যাওয়ার যে নির্দেশ পাকিস্তান কর্তৃপক্ষ দিয়েছিলো তা মেনে ঘাঁটিটি রোববার খালি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানি কর্মকর্তরা।
তবে মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে এ সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ন্যাটো হামলায় পাকিস্তানি সেনাদের মৃত্যুর ঘটনায় ন্যাটো ইতোমধ্যেই দুঃখ প্রকাশ করেছে এবং হোয়াইট হাউজও এ ঘটনাকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে সমবেদনা প্রকাশ করেছে।
এরপরও গিলানি ন্যাটো হামলাকে পূর্বপরিকল্পিত এবং ইচ্ছা করে ঘটানো হয়েছে মনে করেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “দৃশ্যত তাই।”
বিবিসি’র সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, “পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের একে অপরকে বিশ্বাস করা উচিত। দু’য়ের মধ্যে আস্থার অভাব আছে। আমরা একসঙ্গে কাজ করছি। অথচ একে অপরকে বিশ্বাস করি না।”
“একে অপরের প্রতি বিশ্বাস ফিরে পেতে বোধহয় আমাদেরকে সম্পর্কের উন্নতি ঘটাতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৭ ঘ.
bdnews24