২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও অনশনে আন্না হাজারে

দুর্নীতি বিরোধী কঠোর আইনের দাবিতে রোববার নতুন করে এক দিনের অনশন শুরু করেছেন ভারতের দুর্নীতি বিরোধী আন্দোলনকারী আন্না হাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 10:19 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

নয়াদিল্লি, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুর্নীতি বিরোধী কঠোর আইনের দাবিতে রোববার নতুন করে এক দিনের অনশন শুরু করেছেন ভারতের দুর্নীতি বিরোধী আন্দোলনকারী আন্না হাজারে। একইসঙ্গে শিগগিরই দুর্নীতি বিরোধী কঠোর লোকপাল বিল না হলে আরো অনশনের হুমকি দিয়েছেন তিনি। টুপি মাথায় কুর্তা পরা গান্ধীবাদী এ সমাজকর্মী রোববার দিল্লির যন্তর মন্তর প্রাঙ্গনে ‘জয় মাতা ভারত’ শ্লোগান দিয়ে একদিনের অনশন শুরু করেন। এর আগে চলতি বছর অগাস্টে দুর্নীতি বিরোধী কঠোর আইনের দাবিতে টানা ১৩ দিন অনশন করেন হাজারে। এ অনশনে সমর্থন জানায় ভারতের হাজার হাজার মানুষ। ফলে সরকারি কার্যালয়গুলোর দুর্নীতি তদন্তে নতুন ন্যায়পাল আইন করতে রাজি হয় ভারত সরকার। দুর্নীতি বিরোধী এই আইন নিয়ে আগামী সপ্তাহে আইনপ্রণেতাদের আলোচনা হওয়ার কথা রয়েছে। হাজারে ২১ ডিসেম্বরে পার্লামেন্টের অধিবেশন মুলতবি হওয়ার আগেই এ আইন পাশ করাতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে আবার নতুন হাজারের এ অনশনে সমর্থন আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আয়োজকরা বলছেন, দিনশেষে হাজারের ভাষণ শুনতে ৭ হাজার মানুষ জড়ো হতে পারে বলেই ধারণা করছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১৬ঘ.