ডারবান, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘ আলোচনার পর কার্বন নিঃসরণের মাত্রা নিরাপদ অবস্থায় রাখতে আইনি বাধ্যবাধকতা তৈরিতে মতৈক্যের মধ্য দিয়ে শেষ হয়েছে ডারবান সম্মেলন।
দক্ষিণ আফ্রিকার ডারবানে সপ্তদশ জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কনফারেন্স অব অল পার্টিস-কোপ ১৭) নির্ধারিত সময় পার হওয়ার দুদিন পর শনিবার শেষ পর্যন্ত এ প্রস্তাবে সম্মত হয় বিশ্বের ১৯৪টি দেশের প্রতিনিধিরা।
গব পক্ষের সম্মতিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কর্মপরিকল্পনা গ্রহণের একটি রোডম্যাপ এসেছে এ সম্মেলনে। এতে কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনতে বিশ্বের সব দেশের জন্য একটি আইনি বাধ্যবাধকতামূলক চুক্তিতে পৌঁছানোর আলোচনা আগামী বছর থেকে শুরু হবে এবং ২০১৫ সাল নাগাদ তা চূড়ান্ত হবে। আর এ আইনি বাধ্যবাধকতা কার্যকর হবে ২০২০ সাল থেকে।
তার আগে কার্বন নিঃসরণ নিরাপদ মাত্রায় রাখতে এখনকার একমাত্র চুক্তি কিয়োটো প্রটোকলের আওতায় অন্তত পাঁচ বছর কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে রাখবে শিল্পোন্নত দেশগুলো। অবশ্য অন্যতম শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র তাতে মত দেয়নি। এর আগেও কিয়োটো প্রটোকলেও তারা যুক্ত হয়নি।
১৯৯৭ সালে হওয়া কিয়োটো প্রটোকলের মেয়াদ আগামী বছর শেষ হচ্ছে। তাই কার্বন নিঃসরণ কমিয়ে রাখতে তার ধারাবাহিকতা রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের জোর প্রচেষ্টায় নতুন এ সিদ্ধান্ত হলো।
এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা দিতে গঠিত তহবিলের ব্যবস্থাপনার বিষয়েও ডারবানে মতৈক্য হয়েছে। তবে কীভাবে এ তহবিল সংগ্রহ করা হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মেক্সিকোর কানকুনে কোপ-১৬ এ এ তহবিল গঠনের সিদ্ধান্ত হয়েছিলো।
নির্ধারিত সময়ের ৩৬ ঘণ্টা পর আশার আলো দেখে ডারবান সম্মেলন। এসব পদক্ষেপ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে মতবিরোধের কারণে সমাধানে পৌঁছানো বিলম্বিত হয়।
কার্বন নিঃসরণ কমিয়ে আনতে আইনি বাধ্যবাধকতার আওতায় আসার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছিলো না ভারত। অবশ্য অবশেষে তারা এ বিষয়ে একমত হয়।
ইউরোপীয় ইউনিয়ন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অগ্রগতির জন্য এ ‘রোডম্যাপ’ প্রস্তাব করে। ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জোট-এওএসআইএস ও স্বল্পোন্নত দেশগুলোর জোট-এলডিসি তাতে সমর্থন দেয়।
তাদের মতে, কার্বন নিঃসরণ কমিয়ে আনতে সব দেশের বিশেষত বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীনের মতো দেশগুলোর জন্য একটি আইনি বাধ্যবাধকতা গড়ে তুলতে না পারলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দুই ডিগ্রি সেলাসিয়াসের বেশি হবে এবং তা বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর হয়ে গ্রানাডার পররাষ্ট্রমন্ত্রী কার্ল হুড বলেন, “যদি এমন কোনো আইনি ইনস্ট্রুমেন্ট না থাকে যাতে আমরা দেশগুলোকে তাদের কর্মকাণ্ডের জন্য দায়বদ্ধ না করতে পারি, তাহলে আমরা সুন্দর সুন্দর কাল্পনিক কথার মাধ্যমে বিভিন্ন দেশকে বিপদের মধ্যে ফেলছি।”
“তারা যখন উন্নত, তখন আমরা মারা যাই। এটা আমরা কেন মেনে নেবো?”
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী ও সম্মেলনের প্রেসিডেন্ট মাইতে এনকোয়ানা- মাসহাবানে বলেন, “কেউ এ কক্ষ থেকে বেরোতে পারবেন না এবং বলতে পারবেন না যে জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা মাথা ঘামাই না।”
জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের ব্যবস্থাপনার বিষয়ে ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, চীন ও যুক্তরাষ্ট্র সমালোচনা করলেও অবশেষে তাতে মতৈক্য হয়।
দরিদ্র দেশগুলোর পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সামলে নিতে সহায়তার জন্য বছরে ১০০ কোটি ডলার প্রদানের জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড ব্যবস্থাপনা ও তহবিল হস্তান্তর নিয়ে মতৈক্য হয়।
ভারতের পরিবেশমন্ত্রী জয়ন্থি নটরাজন বলেন, “সমতার পক্ষে আমি আমার জোরালো অবস্থান তুলে ধরছি।”
তিনি বলেন, ভারত মনে করে কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে শুধু ‘উন্নত’ দেশগুলোর আইনি বাধ্যবাধকতার মধ্যে আসা উচিত। উন্নত দেশগুলো এ পর্যন্ত অনেক বেশি কার্বন নিঃসরণ করেছে।
তার সঙ্গে একমত পোষণ করে চীনের প্রতিনিধি জি ঝেনহুয়া অভিযোগ করেন, প্রতিশ্র“তি অনুযায়ী কার্বন নিঃসরণ কমায়নি পশ্চিমা দেশগুলো।
তবে বাংলাদেশসহ কয়েকটি উন্নয়নশীল দেশ ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর পাশে দাঁড়িয়ে সম্মেলনে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে একটি আইনি বাধ্যবাধকতামূলক চুক্তির পক্ষে জোরালো দাবি তোলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৩২০ ঘ.
bdnews24