২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে কিউশু পরমাণু কেন্দ্রে তেজস্ক্রিয় পানি ছড়াচ্ছে

ফুকুশিমা পরমাণু কেন্দ্র স্থিতিশীল হওয়ার আগেই জাপানের আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে তেজস্ক্রিয় পানি ছড়িয়ে পড়ছে বলে দেশটির পরমাণু ও শিল্প নিরাপত্তা সংস্থা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 02:43 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

টোকিও, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স- ফুকুশিমা পরমাণু কেন্দ্র স্থিতিশীল হওয়ার আগেই জাপানের আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে তেজস্ক্রিয় পানি ছড়িয়ে পড়ছে বলে দেশটির পরমাণু ও শিল্প নিরাপত্তা সংস্থা জানিয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কিউশু পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের গেনকাই ৩ নম্বর চুল্লির একটি পাম্প থেকে তেজস্ক্রিয় পানির নিঃসরণ ঘটছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে বিষাক্ত এসব তেজস্ক্রিয় পানি এখনো পরমাণু কেন্দ্রের বাইরে ছড়ায়নি তারা জানান। শনিবার জাপানের পরমাণু ও শিল্প নিরাপত্তা সংস্থার কর্মকর্তা তেতসুয়া সাইতো বলেন, শুক্রবার কিউশু ইলেট্রিক পাওয়ার কোম্পানির গেনকাই ৩ নম্বর চুল্লির একটি পাম্প থেকে প্রায় ১ দশমিক ৮ টন তেজস্ক্রিয় পানির নিঃসরণ ঘটেছে। সংস্কার কাজের জন্য গত বছর ডিসেম্বর থেকে এ পরমাণু চুল্লিটি বন্ধ রয়েছে। সাইতো বলেন, “তেজস্ক্রিয় পানি নিঃসরণের কারণ এখনো জানা যায়নি। কিউশু ইলেকট্রিক বিষয়টি খতিয়ে দেখছে।” গত ১১ মার্চ জাপানে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট সুনামিতে ক্ষতিগ্রস্ত টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে। ওই পরমাণু কেন্দ্রটি স্থিতিশীল করতে এখনো চেষ্টা চলছে। ফুকুশিমা পরমাণু কেন্দ্রের বিপর্যয়ের পর থেকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার বিষয়টি জাপানে খুবই স্পর্শকাতর হয়ে দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/২০৪২ ঘ.