২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক হামলার আশঙ্কায় উদ্বিগ্ন ইরানিরা

ইরানে সামরিক হামলার ক্রমবর্ধমান হুমকির কারণে একসময় নিরুদ্বিগ্ন জীবনযাপনকারী ইরানি জনগণের জীবন এখন পরিবর্তিত হয়ে গেছে। এ হুমকি যেন নতুন করে সংগ্রাম ও ভীতিকর সময়ের ইঙ্গিত দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 06:53 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

তেহরান, ডিসেম্বর ০৯ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে সামরিক হামলার ক্রমবর্ধমান হুমকির কারণে একসময় নিরুদ্বিগ্ন জীবনযাপনকারী ইরানি জনগণের জীবন এখন পরিবর্তিত হয়ে গেছে। এ হুমকি যেন নতুন করে সংগ্রাম ও ভীতিকর সময়ের ইঙ্গিত দিচ্ছে। ইরানের অন্যান্য মানুষের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মরিয়ম সফি (৪২) জানান, পশ্চিমা দেশ ও ইরান ভয়ঙ্কর এক খেলায় মেতেছে। তিনি বলেন, “যুদ্ধ শুরু হবে কিনা তা আমি জানিনা। তবে আমি আমার পরিবার ও দেশ নিয়ে উদ্বিগ্ন। ইসরায়েল ও আমেরিকা ইরানের ওপর হামলা করলে যে ক্ষতি ও সহিংসতা হবে তা চিন্তা করে রাতে ঘুমাতে পারিনা।” পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইরান পরমাণু কর্মসূচি চালাচ্ছে বলে বিতর্ক রয়েছে। কূটনৈতিকভাবে তার সমাধান সম্ভব না হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির বিরুদ্ধে কোনো সামরিক ব্যবস্থা গ্রহণ করবে কি না তা এখনও স্পষ্ট নয়। তেহরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, বোমা তৈরি নয় বরং বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা পরমাণু কর্মসূচি চালাচ্ছে। বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্র সব দিক ভেবে দেখছে এবং পরমাণু অস্ত্র তৈরি থেকে তেহরানকে বিরত রাখতে সহযোগী দেশগুলোর সঙ্গে কাজ করবে। তিনি বলেন, “নির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা না করার অর্থ হলো আমি সব বিষয় বিবেচনা করছি।” ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অস্ত্র হিসেবে নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ বাড়ানোর বিষয়টি এখনও ওয়াশিংটনের পছন্দের তালিকায় রয়েছে। তবে এক্ষেত্রে ইসরায়েল মিশ্র ইঙ্গিত দিচ্ছে। সামরিক হামলা চালানো হলে তেহরানও কঠিনভাবে এর জবাব দেবে বলে ইরান সতর্ক করে দিয়েছে। তবে ইসরায়েল এ হুমকির বিষয়ে উদ্বিগ্ন নয় বলে মনে হচ্ছে।। ইরান পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি চালাচ্ছে- জাতিসংঘের পরমাণু সংস্থার এমন সুপারিশের পরিপ্রেক্ষিতে নতুন করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আর এর প্রতিবাদে গত সপ্তাহে তেহরানে দুটি ব্রিটিশ কম্পাউন্ডে ছাত্ররা হামলা চালানোয় এ বিষয়ে উদ্বেগ আরো বেড়ে গেছে। ব্রিটেন তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। আর ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস তাদের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা দেশগুলোর নেওয়া সামরিক হামলার প্রতিশোধ হিসেবে তেহরান উপসাগরীয় এলাকায় হামলা এবং স্ট্রেইট অব হরমুজ বন্ধ করে দিতে পারে। উপসাগরীয় এলাকা থেকে রপ্তানি হয়ে যাওয়া তেলের প্রায় ৪০ শতাংশই এ পথ দিয়ে যায়। পশ্চিমা দূতাবাসগুলো বন্ধ করে দেওয়ায় পরমাণু বিতর্কের বিষয়ে কূটনৈতিক সমাধান বের করা আরো কঠিন হবে বলেও সতর্ক করে দিয়েছেন তারা। এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব উপলব্ধি করে আগাম পদক্ষেপ গ্রহণ করেছে ইরানের নাগরিকরা। বিদেশে থাকা ইরানের নাগরিকরা টুইটার ও ফেইসবুকের মতো সামাজিক গণমাধ্যমে নিজেদের উদ্বেগ প্রকাশ এবং ইরানের ওপর হামলা চালানো হলে কিভাবে তাদের আত্মীয়স্বজনদের বাঁচানো যাবে সে বিষয়ে মতবিনিময় করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৮ ঘ.