২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলে পানির ‘সুস্পষ্ট’ প্রমাণ মিলেছে

মঙ্গল গ্রহে প্রাচীন এক পাথরের ফাটলে জিপসাম নামক খনিজের একটি স্তরের সন্ধান পেয়েছে নাসার মহাকাশযান ‘অপরচ্যুনিটি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

সানফ্রান্সিসেকো, ০৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মঙ্গল গ্রহে প্রাচীন এক পাথরের ফাটলে জিপসাম নামক খনিজের একটি স্তরের সন্ধান পেয়েছে নাসার মহাকাশযান ‘অপরচ্যুনিটি’। ‘প্লাস্টার অব প্যারিস’ নামে পরিচিত জিপসামের (ক্যালসিয়াম সালফেট) এ স্তর এককালে গ্রহটিতে পানির উপস্থিতিরই সুস্পষ্ট প্রমাণ। কারণ, পাথরের মধ্য দিয়ে পানি প্রবাহের কারণেই সেখানে জিপসাম তৈরি হতে পারে। মঙ্গল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের জন্য ২০০৪ সালের জানুয়ারিতে গ্রহটির দুই বিপরীত প্রান্তে ‘অপরচ্যুনিটি’ ও ‘স্পিরিট’ নামের দুটি মহাকাশ যান পাঠায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ মহাকাশযান দুটির প্রধান গবেষক ও করনেল বিশ্ববিদ্যালয়ের গ্রহবিষয়ক বিজ্ঞানী স্টিভ স্কুয়ারস বলেছেন, “আমি মনে করি পুরো মঙ্গল অভিযানে এটিই পানি প্রবাহের একমাত্র সুস্পষ্ট পর্যবেক্ষণ।” তবে জিপসামের অস্তিত্ব নিশ্চিত হতে আরো পরীক্ষা-নিরীক্ষা চলবে এবং জিপসামের মতো দেখতে অন্য খনিজের স্তরও পরীক্ষা করে দেখবে নাসা। মঙ্গলে এর আগেও সালফেট খনিজের সন্ধান পেয়েছিলো ‘অপরচ্যুনিটি’। কিন্তু তা বাতাসে উড়ে যাওয়ায় কিংবা অন্যান্য পদার্থের সঙ্গে মিশে যাওয়ায় সব তালগোল পাকিয়ে গেছে। ফলে ওই খনিজ মঙ্গলে পানির অস্তিত্ব প্রমাণের জন্য যথেষ্ট কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছিলো বিতর্ক। কিন্তু প্রাপ্ত জিপসাম এবার সে বিতর্কেরই অবসান ঘটালো বলে ধারণা করা হচ্ছে। স্কুয়ারস বলেছেন, “এ খনিজটি এখানেই তৈরি হয়েছে। পাথরের গায়ে ফাটল আছে। এর মধ্য দিয়ে পানি প্রবাহিত হয়েছে। পানি থেকে জিপসাম এখানে জমা হয়েছে। এতে কোনো সন্দেহ নেই। গল্পের এখানেই শেষ।” আর জীবনের অস্তিত্বের প্রধান শর্ত পানি। তাই মঙ্গলে প্রাণের অস্তিত্বের সম্ভাবনাও প্রকাশ করছে এ অনুসন্ধান। ইতোমধ্যে লাল এই গ্রহটিতে কোন প্রাণের অস্তিত্ব আছে কিনা তা খুঁজে বের করতে মঙ্গলের পথে আছে নাসার আরেক মহাকাশযান ‘কিউরিওসিটি’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৪ঘ.