ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতার এএমআরআই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে পশ্চিমবঙ্গ সরকার।
নিরাপত্তা রক্ষার নিয়ম মেনে না চলার শাস্তি হিসাবে হাসপাতালটির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
শুক্রবার ভোররাতে হাসপাতালের বেজমেন্টে আগুন লাগার পরে পুরো হাসপাতালে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে অন্তত ৩৬ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।
পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য প্রকৌশল মন্ত্রী সুব্রত মুখোপধ্যায় হাসপাতাল পরিদর্শন করে বলেন, উদ্ধারকাজ শেষের পর এএমআরআই গ্র“পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে রাজ্য সরকার।
তিনি বলেন, এতোজন রোগী আটকা পড়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি- এটি অত্যন্ত দুঃখজনক।
আগুন লাগার পর হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলছে, আগুন ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষের কর্মকাণ্ডে বিশৃঙ্খলা ও অদক্ষতা দেখা গেছে।
তাদের তাৎক্ষণিক কোনো তৎপরতা দেখা যায়নি। রোগী ও তাদের পরিবারের লোকজনদের এ ব্যাপারে কোনোকিছু জানানোও হয়নি।
অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলের এক নারী জানান, “আমরা ঘুমিয়ে ছিলাম, লোকজনের চিৎকারে জানতে পারি আগুন লেগেছে।”
“হাসপাতালের কর্মীরা মিথ্যা আশ্বাস দিয়ে বলেছে ‘শান্ত থাকুন, কিছু হবে না’, জানান আরেকজন।
অন্য আরেকজন বলেন, “আশেপাশের লোকজন নিজেরা অসুস্থ হলেও অন্যদের সাহায্য করতে ছুটে যায়।”
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয় বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের এধরনের দায়িত্বজ্ঞানহীনতা অমার্নজনীয় অপরাধ। তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ইতোমধ্যে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করে মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫২৯ঘ.
bdnews24